বাগদাদ, ১৬ জলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে সোমবার একটি জনাকীর্ণ বাজারে আত্মঘাতী ট্রাক বোমা এবং একটি ব্যস্ত সড়কে পৃথক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে। একই দিন রাজধানী বাগদাদের দক্ষিণে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের একটি নিরাপদ আস্তানায় আকস্মিক অভিযান চালিয়ে একটি জঙ্গি সেলের নেতা ও তার সাত লেফটেনেন্টকে আটক করেছে মার্কিন সৈন্যরা। এ ছাড়া তারা আইইডির (তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটাতে সক্ষম) একটি ভ্রাম্যমাণ কারখানা জব্দ করেছে।
ইরাকি পুলিশ জানায়, কিরকুকে পৃথক পৃথক ওই হামলায় ১৮০ জন আহত হয়েছে। পুলিশ সতর্ক করে বলেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির দল প্যাট্রিয়টিক 'ইউনিয়ন অব কুর্দিস্তান' এর কার্যালয়ের সামনে ট্রাক বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে বার্তা সংস্থার একজন ক্যামেরাম্যান হত্যাযজ্ঞের বর্ণনা দেন। তিনি বলেন, "বিস্ফোরণের নিহতদের ছিন্নভিন্ন দেহ পুরো বাজারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কয়েক ডজন গাড়িতে আগুন ধরে যায়। একটি বাসে আটকাপড়া যাত্রীরা আগুনে পুড়ে প্রাণ হারায়।"
পুলিশ জানায়, বাণিজ্যিক এলাকা ইসকানে দোকান ও একটি বাস গ্যারেজের সামনে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। দুটি বিস্ফোরণই কয়েক মিনিটের ব্যবধানে ঘটে। এতে কমপক্ষে ১০ টি বাড়ী ও দোকান ধ্বসে পড়ে। পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং যাত্রীরা বাসে আটকা পড়ে। ২৫ জন গুরুতর আহত হয়েছে এবং অনেক মৃতদেহ এখনও ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে আছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন রয়টার্সের ক্যামেরাম্যান।
এদিকে, এই বোমা হামলার মধ্যেই দক্ষিণ বাগদাদে হাজার হাজার মার্কিন সেনা আল-কায়েদা বিরোধী অভিযানে নেমেছে। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, 'মারনে অ্যাভালান্স' নামের এই অভিযানের লক্ষ্য দক্ষিণ বাগদাদে জঙ্গি ও অস্ত্র প্রবেশ রোধ করা। এ এলাকাকে জঙ্গিমুক্ত করার জন্য মার্কিন ও ইরাকি সৈন্যরা ইতিমধ্যে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে।
বাগদাদের ৩৫ কিলোমিটার দক্ষিণে ফোরাত নদী তীরবর্তী এলাকায় সোমবার ভোরের আগে শুরু হওয়া ্ওই অভিযানে মার্কিন সেনারা অতর্কিতে হামলা চালায়। মার্কিন সেনাদের মতে এই এলাকাকি জঙ্গিদের নিরাপদ আস্তানা। অভিযানের আগে সেখানে অন্তত একবার বিমান হামলা চালানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24