ইসলামাবাদ, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় শনিবার ২৪ জন আধাসামরিক সেনা সদস্য নিহত এবং কমপক্ষে আরও ২৯ সেনা আহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের কাছে ওই হামলা চালানো হয়। লাল মসজিদে সেনা অভিযানের সঙ্গে এ হামলার সম্পর্ক থাকতে পারে বলে বলেছেন দেশটির সেনা মুখপাত্র। গত সপ্তাহে লাল মসজিদে সেনা অভিযানের পর পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর এ নিয়ে কয়েকদফা হামলা চালানো হল।
উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ'র ২০ কিলোমিটার দূরে আধা সামরিক সেনাদের একটি গাড়ি বহরের ওপর এ হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী হামলাকারী তার বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সোজা এসে সেনা টহলদলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে ৮ সেনাসদস্য নিহত এবং আরও ২৯ জন আহত হন।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে শনিবার এটি ছিল সেনাদের ওপরে দ্বিতীয়দফা হামলা। এর আগে উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের বান্নু শহরে সেনাদের ওপর চালানো হামলায় দুই সেনা কর্মকর্তা নিহত হন।
সেনা মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ বলেছেন,"হামলার সময় সেনাদের দলটি ওই এলাকায় টহল দিচ্ছিল।"
এ হামলার সঙ্গে লাল মসজিদের সেনা অভিযানের কোনো সম্পর্ক আছে কি না এমন এক প্রশ্নের জবাবে "তা হতে পারে" বলে মন্তব্য করেন সেনা মুখপাত্র।
লাল মসজিদের সেনা অভিযানে মোট ৭৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
লাল মসজিদে সেনা অভিযান শুরুর পর থেকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ৩রা জুলাই থেকে এ পর্যন্ত সেনাদের লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলায় প্রায় ৪০ ব্যক্তি নিহত হয়েছেন।
গত রোববার পেশোয়ারে এক হামলায় তিন চীনা নাগরিককে গুলি করে হত্যা করা হয়। পুলিশ দাবি করেছে ওই হত্যাকাণ্ডের সঙ্গে লাল মসজিদের ঘটনার সম্পর্ক থাকতে পারে।
ওই অভিযানের জেরে বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানের সরকারি কার্যালয়ের শীর্ষ কর্মকর্তার ওপর আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে দুজন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। তবে উত্তর ওয়াজিরিস্তানের ফেডারেল সরকারের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা পীরজাদা খান এ ঘটনায় আহত হননি। কিন্তু হাসপাতালের ডাক্তার জানান, খানের দুজন কর্মচারী বোমা হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন অতিথিসহ অন্য একজন কর্মচারী।
কালো পোশাক পরা এক লোক দেহে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে হতাহতের ওই ঘটনা ঘটে। খানের কার্যালয়ের এক কর্মকর্তা আত্মঘাতী হামলাকারীকে আটকানোর সঙ্গে সঙ্গেই বোমা বিষ্ফোরণ ঘটে। মিরানশাহ হাসপাতালে চিকিৎসাধীন শের জামান রয়টার্সকে একথা জানান।
অপর বিস্ফোরণটি ঘটেছে সোয়াত শহরে পুলিশের ভ্যানের ওপর। এটিও আত্মঘাতী হামলা কিনা কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন। এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫ জন। এর মধ্যে তিনজনই পুলিশ। সোয়াত শহরের পুলিশ কন্ট্রোল রূমের কর্মকর্তা শামসুল কামার একথা জানান।
উল্লেখ্য, লাল মসজিদের বেশির ভাগ শিক্ষার্থীই ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকা এবং সোয়াত শহরের অধিবাসী। এ এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর প্রায়উ হামলা হয়ে থাকলেও এ গত কয়েকদিনের ঘন ঘন হামলার ঘটনা থেকে সন্দেহ করা হচ্ছে, সম্ভবত লাল মসজিদ ঘটনার জেরেই এমনটি ঘটছে। উপরন্তু ধর্মীয় দলগুলোর চলমান বিক্ষোভের কারণে মুশাররফ আগামী দিনগুলোতে জঙ্গিদমন অভিযানে আরও চ্যালেঞ্জের মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪৫ ঘ.
bdnews24