২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাল মসজিদে সেনা অভিযানের প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

লাল মসজিদে সেনা অভিযানের প্রতিবাদে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ আরও কয়েকটি শহর ও নগরীতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ধর্মীয় দলগুলোর জোট মুত্তাহিদা মজলিশ ই আমল (এমএমএ)র হাজার হাজার নেতা-কর্মী রাস্তায় বিক্ষোভে নামে। তারা লাল মসজিদে সেনা অভিযানের নির্দশ দেওয়ার জন্য সরকারের নিন্দা জানায় এবং প্রেসিডেন্ট মুশাররফ ও জর্জ ডব্লিউ বুশের কুশপুত্তলিকা পোড়ায়। শুক্রবার জুম্মার নামাজ শেষে বিক্ষোভ শুরু হয়। লাহোরে প্রায় ৩০০ জনতার বিক্ষোভ মিছিলে এমএমএ'র কেন্দ্রীয় নেতা লিয়াকত বালুচ বলেন, "এ অধ্যায় এখনও শেষ হয়নি। লাল মসজিদে রক্তক্ষয়ের ঘটনা পাকিস্তানে ইসলামিক বিপ্লব ঘটিয়ে দেবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ইসলামাবাদ, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লাল মসজিদে সেনা অভিযানের প্রতিবাদে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ আরও কয়েকটি শহর ও নগরীতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ধর্মীয় দলগুলোর জোট মুত্তাহিদা মজলিশ ই আমল (এমএমএ)র হাজার হাজার নেতা-কর্মী রাস্তায় বিক্ষোভে নামে। তারা লাল মসজিদে সেনা অভিযানের নির্দশ দেওয়ার জন্য সরকারের নিন্দা জানায় এবং প্রেসিডেন্ট মুশাররফ ও জর্জ ডব্লিউ বুশের কুশপুত্তলিকা পোড়ায়। শুক্রবার জুম্মার নামাজ শেষে বিক্ষোভ শুরু হয়। লাহোরে প্রায় ৩০০ জনতার বিক্ষোভ মিছিলে এমএমএ'র কেন্দ্রীয় নেতা লিয়াকত বালুচ বলেন, "এ অধ্যায় এখনও শেষ হয়নি। লাল মসজিদে রক্তক্ষয়ের ঘটনা পাকিস্তানে ইসলামিক বিপ্লব ঘটিয়ে দেবে।" এদিকে, ইসলামাবাদের এক মসজিদে ২০০ বিক্ষোভকারীর এক সমাবেশে এমএমএ উপনেতা গফুর হায়দারি তরুণ সমাজকে বিক্ষোভে শামিল হওয়ার আহবান জানান। তবে তিনি তাদেরকে অস্ত্র বহন না করার অনুরোধ জানান। কারণ, তিনি বলেন, সরকার এবং যুক্তরাষ্ট্র এর ফায়দা লুটবে। লাল মসজিদের ঘটনাকে পাকিস্তানের কালো অধ্যায় বলে বর্ণনা করেন তিনি। দেয়ালে টাঙানো ব্যানারে লেখা ছিল 'মুশাররফ খুনী', 'লাল মসজিদের নিরীহ শিশুদের হত্যার জন্য মুশাররফ দায়ী'। হায়দারি নিহতের সংখ্যা কমিয়ে বলার জন্যও পাক সরকারকে দোষারোপ করেন। তিনি বলেন, 'অসংখ্য লোক নিহত হয়েছে। সরকার তা গোপন করছে।' প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ দেশের প্রতিটি আনাচে-কানাচে থেকে নতুন করে উগ্রবাদ নির্মূলের অঙ্গীকার করার পরপরই এ বিক্ষোভ শুরু হল। এর আগে লাল মসজিদে সেনা অভিযানে ১০৫ জন নিহতের ঘটনার পর জাতির উদ্দেশ্যে এক ভাষণে মুশাররফ বলেন, "আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান থেকে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ দূর হয়নি। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে এই দুইই নির্মূল করা। দেশের আনাচে-কানাচে থেকে তা নির্মূল করা হবে।" লাল মসজিদ অভিযানে ব্যাপক হতাহতের ঘটনার কথা উল্লেখ করে বৃহস্পতিবারের ওই ভাষণে মুশাররফ আরও বলেন, "আজ দু:খ, শোক করার দিন। কারণ, আমরা আমাদেরই দেশের মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কিন্তু আমরা আর কখনই লাল মসজিদের মতো মসজিদ ও মাদ্রাসাগুলোকে সন্ত্রাস বিস্তারের কেন্দ্রস্থল হিসাবে ব্যবহার হতে দেব না।" উল্লেখ্য, মুশাররফ এর আগেও এ ধরনের অঙ্গীকার করলেও তা এখনও পূরণ করতে পারেননি। ১৯৯৯ সালে সেনা অভ্যূত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী মুশাররফ এ বছরই সবচে কঠিন সময় পার করছেন। সামনেই আছে নির্বাচন। তার আগে দেশের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করার পর থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ জোরাল হচ্ছে। দেশে জঙ্গিবাদ নির্মূলে ব্যর্থতার জন্য তিনি বিদেশেও সমালোচনার শিকার হয়েছেন। লাল মসজিদের জঙ্গি শিক্ষার্থীরা মসজিদ চত্বরকে দূর্গ বানিয়ে ফেলেছিল। ওই মসজিদকে জঙ্গিমুক্ত করতে সেনাবাহিনীকে ২৪ ঘন্টা লড়তে হয়েছে। ওই অভিযানের জেরে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিরিস্তানে ইতমধ্যেই দুটি বিক্ষিপ্ত বোমা হামলায় ৩ পুলিশসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। দুটো বোমা হামলার একটি আত্মঘাতী। ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার ওপর ওই হামলা চালানো হয়। বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানের সরকারি কার্যালয়ের শীর্ষ কর্মকর্তার ওপর আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে দুজন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। তবে উত্তর ওয়াজিরিস্তানের ফেডারেল সরকারের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা পীরজাদা খান এ ঘটনায় আহত হননি। কিন্তু হাসপাতালের ডাক্তার জানান, খানের দুজন কর্মচারী বোমা হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন অতিথিসহ অন্য একজন কর্মচারী। কালো পোশাক পরা এক লোক দেহে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে হতাহতের ওই ঘটনা ঘটে। খানের কার্যালয়ের এক কর্মকর্তা আত্মঘাতী হামলাকারীকে আটকানোর সঙ্গে সঙ্গেই বোমা বিষ্ফোরণ ঘটে। মিরানশাহ হাসপাতালে চিকিৎসাধীন শের জামান রয়টার্সকে একথা জানান। উল্লেখ্য, মিরানশাহ ওয়াজিরিস্তানের প্রধান শহর। এখানে তালেবান এবং আল-কায়েদাদের সবচে বেশী জনসমর্থন রয়েছে। অপর বিস্ফোরণটি ঘটেছে সোয়াত শহরে পুলিশের ভ্যানের ওপর। এটিও আত্মঘাতী হামলা কিনা কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন। এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫ জন। এর মধ্যে তিনজনই পুলিশ। সোয়াত শহরের পুলিশ কন্ট্রোল রূমের কর্মকর্তা শামসুল কামার একথা জানান। উল্লেখ্য, লাল মসজিদের বেশির ভাগ জঙ্গি শিক্ষার্থীই ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকা এবং সোয়াত শহরের অধিবাসী। এ এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর আত্মঘাতী হামলা হয়ে থাকে প্রায়ই। কিন্তু এ সপ্তায় এখানে ঘন ঘন হামলার ঘটনা থেকে সন্দেহ করা হচ্ছে, সম্ভবত লাল মসজিদ ঘটনার জেরেই এমনটি ঘটছে। উপরন্তু ধর্মীয় দলগুলোর এই বিক্ষোভের কারণে মুশাররফ আগামী দিনগুলোতে জঙ্গিদমন অভিযানে আরও চ্যালেঞ্জের মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৯ঘ.