২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের যুক্তরাষ্ট্রকে দরকার আর যুক্তরাষ্ট্রের জাতিসংঘকে : কফি আনান

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, জাতিসংঘের যুক্তরাষ্ট্রকে দরকার আর যুক্তরাষ্ট্রের দরকার জাতিসংঘকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন তার লক্ষ্য অর্জনে অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী। আনান আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসন ঠেকাতে না পারাটা ছিল জাতিসংঘ মহাসচিব হিসেবে তার ১০ বছরের মেয়াদের সবচেয়ে বিব্রতকর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে উন্নয়ন বিষয়ক এক সেমিনারে শুক্রবার তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 10:30 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

কুয়ালালামপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, জাতিসংঘের যুক্তরাষ্ট্রকে দরকার আর যুক্তরাষ্ট্রের দরকার জাতিসংঘকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন তার লক্ষ্য অর্জনে অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী। আনান আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসন ঠেকাতে না পারাটা ছিল জাতিসংঘ মহাসচিব হিসেবে তার ১০ বছরের মেয়াদের সবচেয়ে বিব্রতকর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে উন্নয়ন বিষয়ক এক সেমিনারে শুক্রবার তিনি এসব কথা বলেন। আনান বলেছেন,"আমি স্পষ্ট করেই একথা বলতে চাই যে জাতিসংঘের যুক্তরাষ্ট্রকে দরকার আর যুক্তরাষ্ট্রের জাতিসংঘকে।" তিনি বলেন "এ বিষয়ে এখন আর কোনো সংশয় নেই এবং আমার মনে হয় যে এটা খুবই স্পষ্ট হয়ে গেছে।" তবে আনানের মতে যুক্তরাষ্ট্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, তারা অন্যান্য জাতিসংঘ সদস্য দেশের সঙ্গে একত্রে কাজ করার মাধ্যমে সংস্থাটিকে যতোটা সম্ভব শক্তিশালী করে তুলবে। ইরাক যুদ্ধ নিয়ে জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতবিরোধের বিষয়টি উল্লেখ করে সাবেক জাতিসংঘ প্রধান বলেন, যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসন ঠেকাতে না পারাটা তার ১০ বছরের মেয়াদে সবচেয়ে বিব্রতকর ব্যাপার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনে সমর্থন না দেওয়ায় দেশটির সঙ্গে সংস্থাটির বিরোধ চরমে পৌঁছায়। সেসময়ে কফি আনান নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। আগের সেসব কথা উল্লেখ করে তিনি বলেন," আমার মনে হয় ওয়াশিংটনে এক ধরনের পরিবর্তন এসেছে। ওই প্রশাসন দু'বছর আগের কিংবা ২০০৩ সালের (ইরাক যুদ্ধ) চেয়ে অনেক বেশি বহুপাক্ষিক মনোভাবসম্পন্ন হয়েছে এবং আমার অনুমান যে, পরবর্তী প্রশাসনে এ বহুপাক্ষিকতার ধারাবাহিকতা বজায় থাকবে।" বৈশ্বিক উন্নয়ন ভাবনার ওই সেমিনারের বক্তৃতায় মালয়েশিয়াকে উদারপন্থী মুসলিম দেশ হিসেবে উল্লেখ করে আনান বলেন, "মুসলিম সমাজে পশ্চিমকে নিজেদের বিশ্বাসের জন্য হুমকি মনে করা এবং অন্যদিকে মুষ্টিমেয় উগ্রবাদীদের কর্মকান্ডকে মুসলিম সমাজের প্রতিবিম্ব মনে করার বৈশ্বিক বিতর্কের অবসানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মালয়েশিয়া।" মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে পারে বলে মনে করেন আনান। তিনি বলেন,"ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র প্রতিষ্ঠায় ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে অংশ নিতে পারে এরা।" তিনি বলেন,"মালয়েশিয়ার বলিষ্ঠ মতামত থাকতে পারে এবং তা অবশ্যই শোনা যাওয়া উচিৎ।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬১৫ ঘ.