২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনের বোমা ষড়যন্ত্রের ঘটনা তদন্তে ভারতে 'সিডি' উদ্ধার

ব্রিটেনে গাড়িবোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই ভারতীয়ের ব্যাঙ্গালোরের বাড়ি থেকে রোববার 'ইসলামপন্থী' সিডিসহ অন্যান্য দ্রব্যাদি আটক করেছে পুলিশ। কফিল আহমেদ ও সাবিল আহমেদ নামের ওই দুই ভাইয়ের পারিবারিক বাসস্থান থেকে জব্দ করা সিডিগুলো চেচনিয়া ও ইরাকের মুসলিমদের আন্দোলন সংগ্রামের ওপর নির্মিত। কফিলকে গ্লাসগো বিমান বন্দরে গাড়ি জ্বালিয়ে দেওয়ার পর আহত অবস্থায় এবং সাবিলকে এর আটদিন আগে লিভারপুল থেকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 01:14 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ব্যাঙ্গালোর,ভারত, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ব্রিটেনে গাড়িবোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই ভারতীয়ের ব্যাঙ্গালোরের বাড়ি থেকে রোববার 'ইসলামপন্থী' সিডিসহ অন্যান্য দ্রব্যাদি আটক করেছে পুলিশ। কফিল আহমেদ ও সাবিল আহমেদ নামের ওই দুই ভাইয়ের পারিবারিক বাসস্থান থেকে জব্দ করা সিডিগুলো চেচনিয়া ও ইরাকের মুসলিমদের আন্দোলন সংগ্রামের ওপর নির্মিত। কফিলকে গ্লাসগো বিমান বন্দরে গাড়ি জ্বালিয়ে দেওয়ার পর আহত অবস্থায় এবং সাবিলকে এর আটদিন আগে লিভারপুল থেকে আটক করা হয়। "চেচনিয়া ও ইরাকের মুসলিমদের আন্দোলন সংগ্রাম নিয়ে নির্মিত সিডি এবং জব্দকরা অন্যান্য জিনিসপত্রের মধ্যে 'জিহাদী' নথিপত্র খুঁজে দেখা হচ্ছে।" নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধ্বতন ভারতীয় পুলিশ কর্মকর্তা একথা জানান। "সন্ত্রাসবাদে যুক্ত থাকার প্রমাণ খুঁজতে ওই দুই ভাইয়ের পাঠানো ই - মেইল পরীক্ষা করে দেখা হচ্ছে।" তবে পুলিশ বলেছে যে সন্ত্রাসবাদের সঙ্গে তাদের জড়িত থাকার মতো নিশ্চিত কোনো প্রমাণ এখনও পাননি তারা। ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার অচ্ছুৎ রাও বলেছেন,"সব দিক থেকেই বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কাজ চলছে।" ব্যাঙ্গালোরে বসেই ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল কি না সে বিষয়টিও তারা তদন্ত করছেন বলে জানান তিনি। তবে ব্রিটিশ পুলিশ তাদের কাছ থেকে এখনও কোনো তথ্য সহযোগিতা চায়নি বলেও উল্লেখ করেছেন রাও। ব্যাঙ্গালোরে মধ্যবিত্তদের আবাসিক এলাকায় কফিল ও সাবিলের বাড়ি থেকে একটি কম্পিউটারও জব্দ করেছে পুলিশ। ২৭ বছর বয়সী প্রকৌশলী কফিল ও ২৬ বছর বয়সী চিকিৎসক সাবিল ব্রিটেনে যাওয়ার আগে এ বাড়িটিতেই থাকতেন এবং ভারতে এলে এখানেই উঠতেন। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে এদের বাবা মা ও আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ দুজনের বাবা মা দুজনেই চিকিৎসক। স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দরে গাড়ি জ্বালিয়ে দেওয়ার পর সেখান থেকে গুরুতর আহত অবস্থায় কফিলকে আটক করে পুলিশ। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে গাড়িটিতে আগুণ লাগানোর পর নিজের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছিল সে। অপর ভাই সাবিলকে এ ঘটনার আটদিন আগে লিভারপুল থেকে আটক করে ব্রিটিশ পুলিশ। ব্রিটেনের ঘটনায় জড়িত সন্দেহে ব্যাঙ্গালোরের অপর এক চিকিৎসককে অস্ট্রেলিয়ায় আটক করা হয়। এ নিয়ে মোট আটজনকে আটক করা হল এ ঘটনার পরিকল্পনার সঙ্গে যুক্ত সন্দেহে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৯০০ ঘ.