ওয়াশিংটন, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন মুদ্রানীতি ও বাণিজ্য বিষয়ে চীনের ভূমিকা 'ঠিক নয়'। সিএনবিসি টিভি নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার তিনি একথা বলেছেন। চীনের মুদ্রার সঠিক 'বিনিময়মূল্য নির্ধারণ' করা হচ্ছে না এবং কম মূল্যমান নির্ধারণের কারণে চীনা পণ্য উৎপাদকরা অনৈতিক সুবিধা ভোগ করছেন বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন মার্কিন কর্মকর্তারা।
মুদ্রা এবং বাণিজ্য ইস্যুতে চীনের ভূমিকা ঠিক কি না এমন এক প্রশ্নের উত্তরে রাইস বলেন,"চীন ঠিক ভূমিকা পালন করেনি"।
সিএনবিসি টিভি নেটওয়ার্কের 'ক্লোজিং বেল উইথ মারিয়া বার্তিরোমো' অনুষ্ঠানের জন্য শুক্রবার ওই সাক্ষাৎকারটি ধারণ করা হয়। শনিবার এর একটি লিখিত সংস্করণ প্রকাশ করে সিএনবিসি নেটওয়ার্ক।
রাইস জানান যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হেনরি পলসন চীনা বাজারে প্রবেশাধিকার এবং 'বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ মূদ্রা সংস্কারের' জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে 'ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস' কিংবা 'বুদ্ধিবৃত্তিক স্বত্বাধিকার আইনের' কার্যকর প্রয়োগের কথা বলেছেন।
রাইস বলেন,"সামঞ্জস্যপূর্ণভাবে বর্ধিষ্ণু ও শক্তিশালী একটি চীনা অর্থনীতি আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ভাল ফলাফল বয়ে আনতে যাচ্ছে। কিন্তু শক্তিশালী চীনা অর্থনীতিকে অবশ্যই আইনের অধীনে পরিচালিত অর্থনীতি হতে হবে।"
তিনি আরও বলেন যে চীনকে এখন অবশ্যই 'বিশ্ব বাণিজ্য সংস্থার' আইন কানুন পুরোপুরি মেনে চলতে হবে।
মার্কিন আইনপ্রণেতারা দাবি করে আসছেন যে 'ইউয়ানের' বিনিময়মূল্য নির্ধারণ সঠিক না হওয়ায় চীনের উৎপাদিত পণ্য সামগ্রী মার্কিন বাজারে অনৈতিক 'মূল্য সুবিধা' পাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩০ ঘ.
bdnews24