২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল মসজিদে অচলবস্থা কাটেনি, বোরখা পরে পালানোর সময় নেতা আজিজ আটক

ইসলামাবাদের লাল মসজিদের তালেবান ঘরানার আন্দোলনের শীর্ষ নেতা মৌলানা আব্দুল আজিজ বুধবার বোরখা পরে পালানোর সময় আটক হয়েছেন। তিনি বলেন, "মাদ্রাসা ছাত্রদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে না।" আটক হওয়ার পর টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "সেখানে এখনও যারা আছেন তাদের উচিৎ পালানো কিংবা আত্মসমর্পণ করা।" বুধবার সন্ধ্যায় একদল মাদ্রাসা ছাত্রীর সঙ্গে বোরখা পরে পালানোর সময় আটক হন আজিজ। এদিকে, লাল মসজিদের ভেতরে থাকা কয়েকশ' মাদ্রাসা শিক্ষার্থী ও সশস্ত্র জঙ্গিকে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিতে বাধ্য করতে এখনও এলাকাটি ঘিরে রেখেছে পাকিস্তানি সেনা সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 11:19 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ইসলামাবাদ, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইসলামাবাদের লাল মসজিদের তালেবান ঘরানার আন্দোলনের শীর্ষ নেতা মৌলানা আব্দুল আজিজ বুধবার বোরখা পরে পালানোর সময় আটক হয়েছেন। তিনি বলেন, "মাদ্রাসা ছাত্রদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে না।" আটক হওয়ার পর টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "সেখানে এখনও যারা আছেন তাদের উচিৎ পালানো কিংবা আত্মসমর্পণ করা।" বুধবার সন্ধ্যায় একদল মাদ্রাসা ছাত্রীর সঙ্গে বোরখা পরে পালানোর সময় আটক হন আজিজ। এদিকে, লাল মসজিদের ভেতরে থাকা কয়েকশ' মাদ্রাসা শিক্ষার্থী ও সশস্ত্র জঙ্গিকে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিতে বাধ্য করতে এখনও এলাকাটি ঘিরে রেখেছে পাকিস্তানি সেনা সদস্যরা। লাল মসজিদের নেতা আব্দুল আজিজকে টেলিভিশন সাক্ষাৎকারের জন্য হাজির করা হয় আগের সন্ধ্যায় ধরা পড়ার সময় পরে থাকা বোরখা পরিহিত অবস্থাতেই। নাটকীয়ভাবে মুখের ওপরের কালো নেকাব সরিয়ে তিনি কথা বলা শুরু করেন টিভির পর্দায়। লাল মসজিদের ভেতরে থাকা মাদ্রাসা ছাত্রছাত্রীদের সম্পর্কে হাস্যোজ্বল মুখে আজিজ বলেন," তাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে না।" আব্দুল আজিজ জানিয়েছেন,"মসজিদের ভেতরে এখনও ৮৫০ জন ছাত্র এবং ৬৫০ জন ছাত্রী আটকা পড়ে আছে।" কিন্তু এদের প্রায় সবাইকেই নিরস্ত্র দাবি করে তিনি বলেন," মাত্র ১৪ জনের কাছে কালাশানিকভ রাইফেল রয়েছে।" বর্তমান অবস্থায় ছাত্রছাত্রীদের লাল মসজিদ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আজিজ। তিনি বলেন,"এখন মসজিদের ভেতরে ছাত্রছাত্রীদের থাকার মানে শুধু শুধু ক্ষতির শিকার হওয়া, তাদের উচিৎ যদি পারে তাহলে পালানো কিংবা আত্মসমর্পণ করা।" লাল মসজিদকে ঘিরে সংঘর্ষে মঙ্গলবার থেকে এ পর্যন্ত ১৬ জন নিহত হয় এবং বুধবার কয়েকশ মাদ্রাসা শিক্ষার্থী আত্মসমর্পণ করে। কিন্তু তৃতীয় দিনেও অচলাবস্থা বিরাজ করায় বৃহস্পতিবার ভোররাতে সেখানে কয়েকদফা বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোঁড়ে সেনারা। আত্মসমর্পণের জন্য চাপে রাখতে এসব হুঁশিয়ারিমূলক বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান নিরাপত্তা কর্মকর্তারা। কিন্তু বৃহস্পতিবার সকালে মসজিদের ভেতর থেকে মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী বেরিয়ে এলেও দুপুরের সময়সীমা পেরিয়ে গেলেও আত্মসর্পণ করেনি ভেতরে থাকা ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকালে ওই মাদ্রাসা থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের একজন ১২ বছর বয়সী মারিয়া হাবিব। তার চাচা তাকে নিয়ে যেতে এসেছিল। বাড়ি ফেরার সময় হাবিবা রয়টার্স প্রতিবেদককে বলেছে, মসজিদের ভেতরে এখনও তার বয়সী ৩৫ থেকে ৪০ জন ছাত্রী রয়ে গেছে। এদিকে বৃহস্পতিবারে বেরিয়ে আসা আরেক নারী রয়টার্স টিভিকে বলেছেন, মাদ্রাসার ভেতরে দুই নারীসহ মোট চারটি লাশ পড়ে থাকতে দেখেছেন তিনি। এদিকে, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন বুধবার সন্ধ্যার গোলাগুলিতে আরও একজন নিহত হয়েছেন। গোয়েন্দা সূত্রগুলোও এক ছাত্রের নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও আর কোনো হতাহতের কথা জানাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.