ইয়াংগন, জুলাই ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক রেডক্রস কমিটির বিরুদ্ধে গেরিলাদের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের নারী বিষয়ক ফেডারেশনের প্রেসিডেন্ট থান থান নেওয়ে বুধবার বলেন, "রেডক্রসের ৫ টি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদ্রোহী দলগুলোর গোপন সম্পর্কের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ। কয়েকদিন আগে রেডক্রস মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করার পরপরই মিয়ানমার এই অভিযোগ তুলল।
মিয়ানমারের প্রধানমন্ত্রী সোয়ে উইন- এর স্ত্রী থান থান নেওয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক নারী দিবসে ওই অভিযোগ করেন। বুধবার তার এই অভিযোগ ছাপা হয় রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্মিজ এবং ইংরেজি দৈনিকগুলোতে।
উল্লেখ্য, জেনেভা ভিত্তিক মানবিক ত্রাণ সংস্থা রেডক্রস গত সপ্তাহে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। রেডক্রস জানায়, মিয়ানমারে বন্দিদেরকে দিয়ে ভারী ভারী সামরিক সাজ-সরঞ্জাম বহন করানো ছাড়াও ভূমিমাইন পাতা রাস্তায় তাদেরকে আগে আগে পথ চলতে বাধ্য করা হয়।
২০০৫ সাল থেকে মিয়ানমারে আটক প্রায় ১১শ' রাজবন্দির সঙ্গে রেডক্রসের কোনো কর্মীর দেখা করার অনুমতি মিয়ানমার সরকার এখনও দেয়নি বলেও অভিযোগ রয়েছে। উপরন্তু সরকারের কড়াকড়ির কারণে জাতিগত সংঘর্ষপূর্ণ এলাকায় রেডক্রস এ বছর ৩ টি মানবিক ত্রাণ কার্যালয় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলেও জানায়।
থান থান নেওয়ে বলেন, "রেডক্রস কেবলমাত্র বন্দিদের সঙ্গে দেখা করতেই পছন্দ করে। যাদের নাম আছে দেশে এবং বিদেশে সরকার-বিরোধী দলের তালিকায়। এদের সঙ্গে আলাদা করে রেডক্রসের বৈঠকের পরিণতিতে অস্থিরতা এবং বিক্ষোভই কেবল বাড়বে। এতে করে দেশের স্বার্বভৌমত্ব ক্ষুন্ন হবে, অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলাহীনতা দেখা দেবে। "
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর মিয়ানমারে জাতিগত সংখ্যালঘুদের সঙ্গে স্বায়ত্ত্বশাসন কিংবা স্বাধীনতার দাবিতে গেরিলা সংঘাত বেড়েছে। ১৯৬২ সালে মিয়ানমার জান্তা সরকার ক্ষমতা দখলের পর তা আরও বৃদ্ধি পায়।
১৯৯০ সালে মিয়ানমার জান্তা অনেক বিদ্রোহী দলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলেও তিনটি বৃহত্তম মিলিশিয়া দল 'দ্য কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি', 'দ্য কারেন্নি ন্যাশনাল প্রগ্রেসিভ পার্টি' এবং 'দ্য শান স্টেট আর্মি' এখনও অস্ত্র সমর্পণ করেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৬ঘ.
bdnews24