২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আত্মঘাতী হামলায় ৯ জন নিহত

ইয়েমেনের মারিব প্রদেশে সোমবার আল-কায়েদার সন্দেহজনক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৭ স্প্যানিশ পর্যটক ও ২ ইয়েমেনিসহ মোট ৯ জন নিহত হয়েছে। ইয়েমেন কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

সানা, জুলাই ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইয়েমেনের মারিব প্রদেশে সোমবার আল-কায়েদার সন্দেহজনক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৭ স্প্যানিশ পর্যটক ও ২ ইয়েমেনিসহ মোট ৯ জন নিহত হয়েছে। ইয়েমেন কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ইয়েমেনের সংস্থাপণ মন্ত্রলায়য়ের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে সরকারি সাবা সংবাদ সংস্থা জানায়, হামলায় আহত আরও ছয় জনকে মারিব ও সানার হাসপাতালে নেওয়া হয়েছে। সংস্থাপণ মন্ত্রলায়য়ের ওই সূত্র আরও জানান, "প্রাথমিক তথ্য প্রমাণে ধারণা করা হচ্ছে, বোমা হামলার সঙ্গে আল কায়েদা জড়িত।" তিনি জানান, সোমবার বিকেলে পর্যটকরা মারিবের একটি মন্দির থেকে গাড়িতে করে ফেরার সময় হামলাকারীরা তাদের ওপর হামলা চালায়। এতে গাড়ির ইয়েমেনি চালক এবং পর্যটকদের গাইড নিহত হন। আহত হন অপর দুই ইয়েমেনি। সূত্র জানায়, "নিরাপত্তা কর্মীরা হামলার সঙ্গে জড়িতদের ধরার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং অপরাধীরা কঠোর সাজা পাবে।" এর আগে নিরাপত্তা বাহিনীর এক সূত্র রয়টার্সকে জানান, গত সপ্তাহে আলকায়েদা এক বিবৃতিতে ইয়েমেনে আটক কয়েকজন আল-কায়েদা সদস্যের মুক্তির দাবি জানায় এবং মুক্তি দেওয়া না হলে হামলা চালানোর হুমকি দেয়। এ ঘটনার পরপরই এ হামলা হল। স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল অ্রাঞ্জেল মরান্তিনোস বলেন, কুইন সেবা মন্দির থেকে ফেরার পথে বোমা হামলার সময় পর্যটকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, "গাড়ি বহরে ৪ টি গাড়ি ছিল। এর প্রথম ও শেষেরটি ছিল নিরাপত্তা বাহিনীর। হামলাকারিদের বোমা বহনকারী গাড়িটি পর্যটকদের গাড়ি দুটিকে আঘাত করে। এতেই ৭ জন নিহত এবং আরও ছয় জন আহত হয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এলকিউ/১৪২৪ঘ.