টোকিও জুলাই ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২য় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে এটম বোমা হামলা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মঙ্গলবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কাইয়ুমা পদত্যাগ করেছেন। এ ঘটনা ২৯ জুলাইয়ের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সিনজো আবের জন্য আরেকটি বড় ধরনের বিপর্যয়।
পেনসন সিস্টেম নিয়ে সরকারের অব্যবস্থাপনা, রাজনৈতিক দুর্নীতি নিয়ে ভোটারদের উদ্বেগ-- প্রভৃতি কারণে আবের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। ফলে নির্বাচনের আগে জনসমর্থন আদায়ে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে আবেকে। এ পরিস্থিতিতে কাইয়ুমার পদত্যাগ তার জন্য নতুন আরেকটি বড় ধাক্কা।
প্রধানমন্ত্রী আবে পদত্যাগপত্র গ্রহণ করেছেন-- একথা জানিয়ে কাইয়ুমা সাংবাদিকদের বলেন," আমার মন্তব্যের কারণে সমস্যা দেখা দিয়েছে। সেজন্য আমি দুঃখিত।"
শনিবার ২য় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে এটম বোমা হামলা এবং এর পরিপ্রেক্ষিতে ওই যুদ্ধ অবসান নিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাইয়ুমার বিতর্কিত মন্তব্যে আবের জনপ্রিয়তা নতুন করে ধাক্কা খায়। কাইয়ুমা এর জন্য ক্ষমা চাইলেও বিরোধীদলীয় আইনপ্রণেতারা তার পদত্যাগ দাবি করেন। আবেও কাইয়ুমাকে কথা বলার ব্যাপারে আরও সাবধান হতে বলেন। আবের জনপ্রিয়তা কমতে থাকার এই সময়ে অনেকটা অনভিপ্রেতভাবেই ঘটেছে কাইয়ুমের এই ঘটনাটি।
প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এক সিনিয়র নেতা ইউকিও হাতোইয়ামা সাংবাদিকদের বলেন, "তার পদত্যাগের ঘটনাটি স্বাভাবিক। তার নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীর দ্বায়বদ্ধতা রয়েছে।"
২০০৬ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নেওয়ার পর সিনজো আবের মন্ত্রী সভার দ্বিতীয় সদস্য হিসেবে পদত্যাগ করলেন কাইয়ুমা।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি কার্টিস বলেন, "আমার ধারণা এটা আবের জন্য বড় ধরনের ক্ষতি। কাইয়ুমা তড়িঘড়ি পদত্যাগ করায় তার জন্য এটি ভালো পদক্ষেপ হলেও আবের জন্য এটি বাজে অধ্যায় হিসেবেই চিিহ্নত হবে।"
তিনি আরও বলেন, "আমি এখনও নির্বাচনের ফলাফল সম্পর্কে নিশ্চিত নই। যদি ভোটদাতার সংখ্যা কম হয় তাহলে আবে বেঁচে যেতে পারেন। তবে তার পতনের সম্ভাবনাই বেশি।"
নামপ্রকাশে অনিচ্ছুক অপর এক বিশেষজ্ঞ জানান, পেনসন সিস্টেম নিয়ে সরকারের অব্যবস্থাপনার বিষয়টিই ভোটারদের উদ্বেগের প্রধান কারণ।
জাপানে পার্লামেন্টের উচ্চকক্ষে আসন্ন নির্বাচনের আগে আশাহি সংবাদপত্রের এক জনমত জরিপে আবের জনপ্রিয়তা ২৮ শতাংশে নেমে আসতে দেখা গেছে।
২৪২ আসনের জাপানি পার্লামেন্টের আপার হাউজে সংখ্যাগরিষ্ঠতা পেতে আবেকে ১২১ টি আসনের মধ্যে ৬৪ টি আসন পেতে হবে।
উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা না পেলে সেক্ষেত্রে আবেকে ছোট দল কনজারভেটিভ পার্টির সদস্যদের সহায়তা নিতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এলকিউ/১৪০৫ঘ.
bdnews24