বাগদাদ, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকে সহিংসতা বাড়ানোর জন্য ইরানি নেতাদের সরাসরি দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইরানের কুদস বাহিনী ইরাকে সহিংসতা বাড়াচ্ছে-- ইরানের ঊর্ধ্বতন নেতারা তা জানেন বলে মার্কিন সেনাবাহিনী সোমবার অভিযোগ করেছে। ইরাকে নাক গলানোর ব্যাপারে ইরানের বিরুদ্ধে এই প্রথম সরাসরি মুখ খুলল যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল কেভিন বার্গনার বলেছেন, "কুর্দ বাহিনী ইরান সমর্থিত লেবানিজ শিয়া মিলিশিয়া দল হেজবুল্লাহকেও ইরাকে জঙ্গি তৎপরতায় কাজে লাগাচ্ছে।"
মার্কিন সেনাবাহিনী আরও জানায়, ইরাকে রোববারে নতুন করে বেশ কয়েকটি সহিংসতায় ৫ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এর মধ্য দিয়ে ইরাকে মার্কিন বাহিনীর আরও একটি রক্তক্ষয়ী মাসের সূচনা হল।
ওয়াশিংটন বহুদিন থেকেই ইরাকি জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা দেওয়ার জন্য ইরানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। তাদের অভিযোগ, ইরান মার্কিন ও ইরাকি সেনাদের মারতেই জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করে আসলেও এ বিষয়টি ইরান সরকারের জানা আছে কিনা তা স্পষ্ট নয় বলে ইতোপূর্বে জানায়। কিন্তু এবার তারা বিষয়টি ইরানি নেতারা জানেন বলে অভিযোগ তুলল।
ইরান সরকার বরাবরই ইরাকে নাক গলানোর অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু বার্গনার এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমরা গোয়েন্দা তথ্য মারফত জানতে পেরেছি যে, ইরানের ঊর্ধ্বতন নেতারা কুর্দ বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল। আর তারা যে ইরান সরকারের কাছে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন সেটাও আমরা বুঝতে পারছি।"
উল্লেখ্য, ইরান কখনও প্রকাশ্যে কুর্দ বাহিনীর অস্তিত্বের কথা স্বীকার করেনি। সেনা বিশেষজ্ঞ এবং নির্বাসিত ইরানিদের কথায়, এই বাহিনী ইরানের রেভল্যুশনারি গার্ডের শাখা।
এই বাহিনী বিদেশেই বেশি তৎপর। তাদের সঙ্গে ইরানে সুপ্রীম নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরাসরি যোগাযোগ আছে। আর ইরানের নিয়মিত সেনাবাহিনীতে এই বাহিনীর আলাদা কমান্ড সিস্টেম আছে।
খামেনির অজ্ঞাতে কুর্দ বাহিনী কোনো ধরনের সমর্থন পাচ্ছে কিনা জিজ্ঞেস করা হলে বার্গনার বলেন, "সেটি কল্পনা করা কঠিন।"
তিনি বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের কাছে তিনটি ছোট শিবিরের সন্ধান পেয়েছে। যেখানে ইরানি শিয়া মিলিশিয়াদের প্রশিক্ষণ দিচ্ছে কুর্দ বাহিনী এবং হেজবুল্লাহ গেরিলারা।
জানুয়ারীতে ইরাকের কারবালায় হামলার ঘটনায় কুর্দ বাহিনী জড়িত ছিল বলে বার্গনার অভিযোগ করেন। কুর্দ বাহিনী তলে তলে মার্কিন ও ইরাকি বাহিনীর লড়াই কৌশল, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক তত্য সংগ্রহ করেছে এবং এগুলো জঙ্গিদের বাতলে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/ ১৭৫৫ঘ.
bdnews24