টোকিও, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- উত্তর কোরিয়ার ইয়নবিয়ন পরমাণু চুল্লি পরিদর্শন শেষে শুক্রবার জাতিসংঘের আইএইএ পরিদর্শক দল বলেছে সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়ায় দেশটির উদ্যোগে সন্তুষ্ট তারা। আইএইএ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কিয়োডো বার্তা সংস্থা একথা জানায়।
রাজধানী পিয়ংইয়ং এ ফিরে আইএইএ পরিদর্শকরা জানান, ইয়নবিয়ন পরমাণু স্থাপনাটি এখনও সক্রিয় রয়েছে। তবে দেশটির সবৃবৃহৎ এ পরমাণু স্থাপনার বিভিন্ন স্পর্শকাতর অংশ ঘুরে দেখা এবং কর্মসূচির বিস্তারিত তদারকির সুযোগে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
২০০২ সালে দেশটি থেকে ভিয়েনা ভিত্তিক জাতিসংঘ সংস্থা আইএইএ এর পরিদর্শকদের বের করে দেওয়ার পর এটাই সেখানে তাদের প্রথম সফর।
ইয়নবিয়ন পরমাণু স্থাপনাটি প্রায় ১০০ ভবনের সমন্বয়ে গঠিত। এতে ৫ মেগাওয়াটের একটি চুল্লি এবং পরমাণু অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম একটি ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট রয়েছে। কিয়োডো বার্তা সংস্থা জানিয়েছে প্রকল্পের পাঁচটি 'বিশেষ এলাকা' পরিদর্শনের আওতায় আনা হবে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইয়নহ্যাপ বার্তা সংস্থাকে জানিয়েছেন,"আইএইএ এ সপ্তাহের মধ্যেই বন্ধ করার (ইয়নবিয়ন পরমাণু স্থাপনা) তারিখ ঘোষণা করতে পারে।"
আইএইএ'র সঙ্গে ঘনিষ্ঠ একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, পরিদর্শন সংক্রান্ত বিষয়ের শর্তগুলি চূড়ান্ত করার পরই বৈঠকে বসবে ৩৫টি দেশের প্রতিনিধির সমন্বয়ে গঠিত আইএইএ'র বোর্ড অফ গভর্নরস। পরমাণু কর্মসূচি বন্ধের চুক্তি ও প্রক্রিয়াটিকে যাচাই বাছাই করতে আগামী ৯ ই জুলাই এ বৈঠক হওেয়ার সম্ভাবনা রয়েছে।
ছয়জাতি আলোচনার সমঝোতা অনুসারে ফেব্রয়ারি মাসের বেইজিং বৈঠকে সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধের জন্য চুক্তি করতে রাজি হয় উত্তর কোরিয়া। ম্যাকাওয়ের ব্যাঙ্কো ডেল্টা এশিয়ায় জব্দ করা উত্তর কোরিয়ার ২ কোটি ৫০ লাখ ডলারের তহবিল একটি রুশ ব্যাংকের মাধ্যমে দেশটিকে ফেরৎ দেওয়ার পর তাদের পরমাণু কর্মসূচি পরিদর্শনের এ সুযোগ দেয় পিয়ংইয়ং।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএমটি/১৩০০ ঘ.
bdnews24