২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম নির্বাচন নাকচ করল পাকিস্তান সরকার

পাকিস্তানে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ যে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করেছেন তা নিরসনে দেশে আগাম নির্বাচন আহ্বান নাকচ করেছে সরকার। পাক সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ইসলামাবাদ, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ যে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করেছেন তা নিরসনে দেশে আগাম নির্বাচন আহ্বান নাকচ করেছে সরকার। পাক সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে একথা বলেছেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, নভেম্বরের মাঝামাঝিতে জাতীয় ও প্রাদেশিক পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কর্মকর্তা আরও বলেন, মুশাররফ চান বর্তমান পার্লামেন্ট ভেঙে যাওয়ার আগেই তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। মুশাররফ এখন সেনাবাহিনী প্রধানের পদ ছাড়েননি। তবে তিনি এ বছরের শেষে সেনাপ্রধানের পদ ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। নতুন পরিষদে তিনি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি আবারও ওই পদে ফিরে যেতে পারবেন। তবে তার ঘনিষ্ঠ কয়েকটি সূত্র বলছেন, মুশাররফের বেসামরিক প্রেসিডেন্টই হওয়ার সম্ভাবনা বেশি। কর্মকর্তা জানান, "কোনো কোনো রাজনীতিবিদ নির্বাচন আগিয়ে আনতে চাইলেও নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ীই হবে।" তিনি বলেন, "আগাম নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নাকচ করার সিদ্ধান্তের কারণ, নির্বাচন কমিশনাররা বলছেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের আগে ভোটার তালিকা তৈরি সম্ভব নয়।" তবে ভোটার তালিকা নিয়ে পাকিস্তানে ইতোমধ্যেই প্রতিবাদ উঠেছে। বিরোধীদলগুলো এই তালিকায় অনেক যোগ্য ভোটারের নাম নেই বলে অভিযোগ তুলেছে। ভোটার তালিকার বিরুদ্ধে আদালতেরও শরণাপন্ন হয়েছে তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৮ঘ.