২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের সঙ্গে বৈঠক শান্তির নতুন স্পৃহা জাগাবে: ওলমার্ট

"গাজার পরিবর্তিত পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় নতুন স্পৃহা সঞ্চার করবে"-- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সোমবার এ মন্তব্য করেছেন। ফিলিস্তিন নিয়ে নতুন বোঝাপড়ার লক্ষ্যে ওলমার্ট - আব্বাসের সঙ্গে এদিনই বৈঠকে বসছেন। মিশরের শার্ম এল - শেখ অবকাশ কেন্দ্রে একদিনের এ শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ছাড়াও উপস্থিত থাকছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকও ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

শার্ম এল - শেখ, মিশর, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --"গাজার পরিবর্তিত পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় নতুন স্পৃহা সঞ্চার করবে"-- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সোমবার এ মন্তব্য করেছেন। ফিলিস্তিন নিয়ে নতুন বোঝাপড়ার লক্ষ্যে ওলমার্ট - আব্বাসের সঙ্গে এদিনই বৈঠকে বসছেন। মিশরের শার্ম এল - শেখ অবকাশ কেন্দ্রে একদিনের এ শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ছাড়াও উপস্থিত থাকছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকও । এ বৈঠকের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওলমার্টও আব্বাসের সঙ্গে বৈঠক নিয়ে আশার বাণী দিলেও তিনি একইসঙ্গে চতুর্পক্ষীয় এ বৈঠক থেকে বড় কোনো পদক্ষেপের আশা না করার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, জঙ্গিবাদ দমনে আরও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আব্বাসের নতুন সরকারকে চাঙ্গা করতে পশ্চিম তীর থেকে সড়ক অবরোধসহ অন্যান্য বিধিনিষেধ তুলে নিতে অনাগ্রহী ইসরায়েল। ওলমার্ট বলেছেন, আরব দেশগুলোর জন্য এটা গুরুত্বপূর্ণ যে "চার নেতাই একটি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য সত্যিকারের ইচ্ছে পোষণ করবেন "। ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার হামাসের মনোভাবের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্জনের মানসিকতা বাদ দিয়ে শান্তি প্রক্রিয়ার দিকে লক্ষ্য রেখে এগোতে হবে। ওলমার্ট বলেন,"এটাই এ সন্ধ্যার বৈঠকের মূল সূর এবং আমি আশা করি যে এটা (এ বৈঠক) পুরো মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সাহায্য করবে।" গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এটাই আব্বাস - ওলমার্টের প্রথম বৈঠক। এদিকে আব্বাসের এক উর্ধ্বতন সহকারি বলেছেন,"প্রেসিডেন্ট আব্বাসের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল পুনরায় শান্তি প্রক্রিয়া চালু করা এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা।" ওলমার্টের মুখপাত্র মিরি আইসিন বলেছেন, এ সম্মেলনের মূল লক্ষ্য হল আব্বাসের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার কাঠামো নিশ্চিত করা। আইিসন বলেন,"এর অর্থ হল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট লক্ষ্য নিয়ে রাজনৈতিক পর্যায়ে কথাবার্তা বলবেন আলোচকরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.