প্যারিস, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সে রোববারের পার্লামেন্ট নির্বাচনে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সংস্কারের ম্যান্ডেট জিতেছেন ডানপন্থী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। এ নির্বাচনে সারকোজি বড় ধরনের জয় পেতে পারেন বলে মনে করা হলেও অপ্রত্যাশিতভাবে কম সংখ্যক ভোটে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলেন তিনি। সেইসঙ্গে হারালেন সরকারের একজন ঊর্ধ্বতন মন্ত্রীকেও।
নির্বাচনে সরকারের ২য় শীর্ষ মন্ত্রী অ্যাঁলে জুপের ভরাডুবি হয়েছে। এখন সরকোজি ও তার সরকারের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলোর প্রথম ও প্রধান কাজ হবে তার জায়গায় নতুন একজন মন্ত্রী খোঁজ করা।
নির্বাচনে সরাকোজির মিত্ররা ৫৭৭ আসনের জাতীয় পরিষদে ৩৪৫ টি আসন জিতেছেন। কিন্তু নির্বাচনের আগে সারকোজির দল ৪৭০ টি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছিল। অন্যদিকে, স্যোশালিস্ট পার্টি তেমন বেশি ভোট পাবেনা এমন ধারণা করা হলেও তারা নির্বাচনে ২০৭ টি আসন জিতেছে।
মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সরকারি সিদ্ধান্তের কারণে ডানপন্থী দলে জনসমর্থন কমে গেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে সারকোজির হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার ব্যাপারে বিরোধীদলের সতর্কবাণীও সমর্থন হ্রাস পাওয়া নেপথ্যে কাজ করেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
বামপন্থী লিবারেশন পত্রিকা তাদের সম্পাদকীয়তে লিখেছে, "ভোটাররা এক মানূষের হাকে সব ক্ষমতা কেন্দ্রীভূত করতে চায়নি।" কনজারভেটিভ পত্রিকা লা ফিগারো লিখেছে, "নির্বাচনের এই রায় সরকারের বিক্রয় কর বাড়ানোর সিদ্ধান্তেরই মূল্য।"
তবে কম ভোটে জিতলেও সারকোজিকে তার সংস্কার কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ম্যাণ্ডেট দিয়ে দিয়েছে জনগণ। নির্বাচনে জয়লাভ করায় তিনি বৈধভাবেই কঠোর শ্রমআইন পরিবর্তন করাসহ কর হ্রাস ও অন্যান্য সব সংস্কার কাজ চালিয়ে যেতে পারবেন।
নির্বাচনের পর সারকোজি এখন তার সরকারের কাঠামো পূর্ণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের জাতিগত সংখ্যালঘু নেতা ও ইউএমপি জোটের বাইরের রাজনীতিবিদদের মধ্যে থেকে পাঁচ ছয়জন জুনিয়র মন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে। সারকোজি তার মন্ত্রিসভায় নারী পুরুষ ভারসাম্য রক্ষার বিষয়েও অত্যন্ত সচেতন থাকবেন বলেও ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এলকিউ/১৬৩৯ঘ.
bdnews24