২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি সম্প্রসারণ বন্ধে ইরানকে আইএইএর আহ্বান

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এলবারাদি পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে অচলবস্থা নিরসনে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি তেহরানের প্রতি এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 07:22 PM

Updated : 26 Apr 2022, 02:26 PM

পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও জাতিসংঘের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার পরিপ্রেক্ষিতে এল বারাদি বৃহস্পতিবার আইএইএর নীতি নির্ধারণী বৈঠক শেষে বলেন, “দুপক্ষের অচলবস্থা সংঘাতের দিকে মোড় নিচ্ছে। কিন্তু তেহরানে যুদ্ধ চালানোটা হবে শ্রেফ পাগলামি।”

তিনি বলেন, “একারণেই আমি আমি ইরানকে আবারও এ জটিল পর্যায়ে পরমাণু কর্মসূচি সম্প্রসারণ না করার আহ্বান জানাচ্ছি। ইরান নিজ তাগিদেই সেন্ট্রিফিউজ বসানো না কমালে পরিস্থিতি সংঘাতের দিকেই গড়াবে। আর এর পরিণতিতে যারা ইরানে সামরিক শক্তি ব্যবহারের কথা বলছেন, সেটি হবে আরও বিপর্যয়কর। সেটা পাগলামির পর্যায়ে চলে যাবে। এতে করে সমস্যারও সমাধান আসবে না।”

বারাদি ইরানকে নিজে থেকেই বাণিজ্যিক ভিত্তিতে পারমাণবিক জ্বালানি উৎপাদন বন্ধের আহ্বান জানান।

এর আগে ইরানে কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ হলে তেহরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)র সঙ্গে সহযোগিতা আরও কমিয়ে দেওয়ার কথাই ভাববে বলে হঁশিয়ারি দিয়েছিলেন আইএইএর ইরানি রাষ্ট্রদূত আলী আসগর সোলথানিয়েহ।

আসগর এও বলেন, “ইরান পারমাণবিক জ্বালানির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপায় রপ্ত করেছে। নিষেধাজ্ঞা আরোপ করে এই কাজ বন্ধের চেষ্টা করার পরিবর্তে বিশ্বশক্তিগুলোর উচিত বাস্তবতা মেনে নেওয়া।”

তিনি আরও বলেন, “সংসদীয় আইন মেনেই ইরান এ পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। গত বছর এ কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পর ইরান স্বেচ্ছাসেবক হিসাবে আইএইএর সঙ্গে সহযোগিতা করা ইতোমধ্যেই বন্ধ করেছে।”

আইএইএর ৩৫-জাতি বোর্ড মিটিংয়ের ফাঁকে আসগর সাংবাদিকদের বলেন, প্রতিটি জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং প্রতিটি এ ধরনের ব্যবস্থায়ই ইরান তড়িৎ প্রতিক্রিয়া জনায়।

পশ্চিমা শক্তিগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, “কিন্তু খুব কম বিকল্প পথই খোলা আছে। আমরা আইএইএর সঙ্গে সহযোগিতা করতে পুরোপুরি প্রতিশ্র“তিবদ্ধ। কিন্তু যারা আমাদের সঙ্গে সংঘাতে নামার চেষ্টায় আছে তাদের কারণে এই প্রতিশ্র“তি রক্ষার বিষয়টি আমাদের আবারও ভেবে দেখতে হতে পারে।”

এর আগে বুধবার ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছিলেন, “তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে নতুন করে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের হুমকিতে ইরান উদ্বিগ্ন নয় এবং তারা পশ্চিমাদেরকে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতিতে বিঘœ ঘটাতে দেবে না।”

রাজধানীর পূর্বাঞ্চলীয় নগরী সেমনানে প্রচারিত এক টেলিভিশন ভাষণে আহমাদিনেজাদ বলেন, “ইরানি জাতি আপনাদের প্রস্তাবনার সামান্যতম মূল্যও দেয় না।”

তিনি আরও বলেন, “আমরা চূড়ান্ত পর্যায়ে রয়েছি। বিশ্বশক্তিরা এখনো ভুল পথে চলতে থাকলে তারা মাত্র আরেকটি পদক্ষেপ নিতে পারে। কিন্তু আল্লাহর রহমতে এর কোনো প্রভাব ইরানে পড়বে না।” আহমাদিনেজাদ একথার বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

ইরানের কর্মকর্তারা দেশে জাতিসংঘ নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না বললেও বিদেশি এবং স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, তারা বিনিয়োগের বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।

ইরানের জাতিসংঘ নিষেধাজ্ঞার প্রধান লক্ষ্য হচ্ছে এর পারমাণবিক কর্মসূচি। তবে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকও নিষেধাজ্ঞার আওতায় আছে।

ইরানিরা পরমাণু কর্মসূচিকে দেশের অধিকার বলে মনে করে। আহমাদিনেজাদ বলেছেন, “এই কর্মসূচির ক্ষেত্রে ইরানিদের কথা হচ্ছে ‘ন্যায়বিচার।’ এক্ষেত্রে আইন থাকলে সেটি সবার জন্যই সমান হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “তারা (পশ্চিমারা) আমাদের বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়ন চায় না। এই অন্যায় ইরানি জাতি মেনে নেবে না।”

ইরানের দাবি, বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি চালানো হচ্ছে। কিন্তু পশ্চিমাদের ধারণা, এই কর্মসূচির আড়ালে তারা পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে।

জাতিসংঘ দাবি  অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে অস্বীকৃতির কারণে ইরানে এর আগে দু’দফা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। উপরন্তু আগামীতে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

 ইইউ এর সঙ্গে আগেকার একটি চুক্তির আওতায় ইরান একবার সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করলেও ২০০৫ সালে ওই চুক্তি ভেঙে পড়লে তেহরান আবারও এই কর্মসুচি শুরু করে।