ম্যানিলা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইন নৌ-বাহিনীর কর্মকর্তা এবং প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল আরোইয়োর বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার নায়ক লেফটেন্যান্ট এন্টোনিও ট্রিল্যান্স সিনেটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন বৃহস্পতিবার একথা জানিয়েছে।
কমিশনের চেয়ারম্যান বেঞ্জামিন অ্যাবালোস রয়টার্সকে বলেন, "১৪ মে-১২ আসনের সিনেট নির্বাচনে ১১ তম আসনটি জিতে নিয়েছেন লেফটেন্যোন্ট অ্যান্টোনিও ট্রিল্যান্স।
আবোলেস বলেছেন, "তার জয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে শুক্রবার।"
ট্রিল্যান্স এখনও বিচারের অপেক্ষায় জেলে রয়েছেন। জয় ঘোষণার দিন তিনি উপস্থিত থাকতে পারবেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না।
অন্য আরও ১২ জন প্রার্থীর জয় ইতমধ্যেই ঘোষণা করা হয়েছে। ১২ তম আসনে জয়ী প্রার্থীর নামও শিগগিরিই ঘোষণা করা হবে।
এ নির্বাচনে ১১ জন বিজেতার মধ্যে আরোইয়োর সমর্থক মাত্র দুজন। ট্রিল্যান্সসহ বিরোধীদল পেয়েছে ৭ টি আসন। আর দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
১২ তম আসনের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজন প্রশাসনের লোক আর অন্যজন বিরোধীদলীয় প্রার্থী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৯ঘ.
bdnews24