২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার শীর্ষ মুসলিম জঙ্গি আবু দুজানা গ্রেপ্তার

ইন্দোনেশিয়ার শীর্ষ মুসলিম জঙ্গি আবু দুজানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজানা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ জঙ্গি সংগঠন জামাহ ইসলামিয়ার সামরিক শাখার প্রধান। পুলিশ বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 07:36 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

জাকার্তা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইন্দোনেশিয়ার শীর্ষ মুসলিম জঙ্গি আবু দুজানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজানা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ জঙ্গি সংগঠন জামাহ ইসলামিয়ার সামরিক শাখার প্রধান। পুলিশ বুধবার একথা জানিয়েছে। ২০০৪ সালে অস্ট্রেলীয় দূতাবাসে বোমা হামলাসহ বেশ কয়েকটি দুর্ধর্ষ বোমা হামলায় যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। এর আগের বছর জাকার্তার জে ডাব্লিউ ম্যারিয়ট হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণের জন্যও তাকে দায়ি করেছে ইন্দোনেশীয় সরকার। ইন্দোনেশিয়ার বিশেষ সন্ত্রাসবিরোধী পুলিশ 'ডিটাচমেন্ট ৮৮' গত শনিবার মধ্য জাভায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজন মুসলিম জঙ্গিকে আটক করে। আটক দলটির মধ্যে গুলিবিদ্ধ এক ব্যক্তিই যে ৩৭ বছর বয়সী আবু দুজানা, ডিএনএ পরীক্ষা চালিয়ে পুলিশ একথা নিশ্চিত হয়েছে। আবু দুজানা অনেকগুলো ছদ্মনামে পরিচিত। ইয়ুরসুন মাহমুদি ছদ্মনামে তিনি জামাহ ইসলামিয়ার সামরিক শাখার নেতৃত্ব দিতেন। ইন্দোনেশিয়া পুলিশের জাতীয় মুখপাত্র সিসনো আদিবিনিতো এক সংবাদ সম্মেলনে জানান, "আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে যে আবু দুজান ওরফে ইয়ুরসুন মাহমুদি জামাহ ইসলামিয়ার সামরিক শাখার প্রধান।" তিনি জানান, "ডিএনএ এবং আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে যে শনিবার গ্রেপ্তারের সময় হাঁটুতে গুলিবিদ্ধ মাহমুদিই শীর্ষ জঙ্গি আবু দুজানা।" ২০০২ সালে বালি দ্বীপের অবকাশযাপন কেন্দ্রে ভয়াবহ বোমা হামলাসহ দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেকগুলো বোমা হামলার পেছনে জামাহ ইসলামিয়ারই হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে এশীয় ও পশ্চিমা দেশগুলো। মুসলিম জঙ্গিদের ধরতে বছরখানেক ধরে ব্যাপক অভিযান চালিয়ে আসছে ইন্দোনেশিয়ার সন্ত্রাসবিরোধী বিশেষ পুলিশ। এর আগে মার্চ মাসে জঙ্গি ঘাঁটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসআরএস/১৩৩০ ঘ.