জাতিসংঘ, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মন্তব্যে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বৃহস্পতিবার তার কার্যালয় থেকে একথা জানানো হয়।
আহমাদিনেজান গত রোববার বলেছেন, লেবাননি ও ফিলিস্তিনিরা ইসরায়েলের পতনের জন্য একটি 'সময় গণনা বোতামে' চাপ দিয়েছে। তিনি তার এক বক্তৃতায় বলেন, "সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা নিকট ভবিষ্যতে ওই শাসকগোষ্ঠীর পতন দেখবো।"
তার ওই মন্তব্যের জবাবে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, "'বিশ্ব অতি দ্রুত ইহুদি অধ্যুষিত এই রাজ্যের ধ্বংস দেখবে'- ইসরায়েলকে আক্রমণ করে আহমাদিনেজাদের করা এ মন্তব্যে বান বিস্মিত ও হতাশ।"
বান বর্তমানে জি এইট সম্মেলনে যোগ দিতে জার্মানি সফর করছেন।
এ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, "বিষয়টি এভাবে দেখতে হবে যে ইসরায়েল দীর্ঘদিন ধরে জাতিসংঘের একজন পূর্ণাঙ্গ সদস্য দেশ এবং তারা জাতিসংঘের অন্য সদস্য দেশগুলোর মত একই অধিকার ও প্রতিশ্র"তি পাওয়ার অধিকার রাখে।"
"তিনি (বান) আরও মনে করিয়ে দেন, জাতিসংঘ তার আওতাধীন যেকোনো দেশকে সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্বাতন্ত্র্যতার বিরুদ্ধে যেকোনো হুমকি কিংবা শক্তি প্রয়োগ থেকে রক্ষা করবে।"
আহমাদিনেজাদ দুবছর আগে তার রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন এই বলে যে ইসরায়েলকে "পৃথিবীর মানচিত্র থেকে উপড়ে ফেলা উচিত"।
তিনি প্রায়ই ইহুদি এ দেশটির পতনের কথা উল্লেখ করেন। কিন্তু একইসঙ্গে তিনি এও বলেন যে ইরান ইসরায়েলের জন্য হুমকি নয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১২০৫ ঘ.
bdnews24