২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক কৌশল নিয়ে বিতর্কে ডেমোক্রেটরা

ইরাক কৌশল নিয়ে বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে নেতৃত্বের যোগ্যতা প্রমাণের লড়াইয়ে প্রেসিডেন্ট বুশ ও তার ইরাক নীতিই হয়ে উঠেছে প্রার্থীদের আক্রমণের প্রধান লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 09:27 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

মানচেস্টার, নিউ হ্যাম্পশায়ার, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)----ইরাক কৌশল নিয়ে বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে নেতৃত্বের যোগ্যতা প্রমাণের লড়াইয়ে প্রেসিডেন্ট বুশ ও তার ইরাক নীতিই হয়ে উঠেছে প্রার্থীদের আক্রমণের প্রধান লক্ষ্য। নিউ হ্যাম্পসায়ারের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে দু'ঘণ্টার বিতর্ক চলাকালে প্রার্থীরা বুশের ইরাক যুদ্ধ নীতির তীব্র সমালোচনা করেছেন। কিন্তু ইরাক থেকে যুক্তরাষ্ট্রকে রেহাই দেওয়ার সবচে ভালো উপায় কি হতে পারে তা নিয়ে কেউ তেমন কথা বলেননি। হিলারি রডহাম ক্লিনটন ইরাক যুদ্ধকে সরাসরি 'বুশের যুদ্ধ' অভিহিত করে এর দায় এড়ানোর চেষ্টা নেন। ওদিকে, উত্তর ক্যারোলিনার সিনেটর জন এডওয়ার্ডস ইরাক থেকে মার্কিন সেনা ফেরানোর ব্যাপারে ক্লিনটন এবং বারাক ওবামার নেতৃত্বের অভাব রয়েছে বলে তাদের সমালোচনা করেন। উল্লেখ্য, ক্লিনটন এবং ওবামা দুজনই এখনও জনসমর্থনের দিক দিয়ে সবচে এগিয়ে রয়েছেন। কিন্তু ইরাক যুদ্ধ ব্যয় সরবরাহ বিলে ইরাক থেকে সেনা ফেরানোর সময়সীমা বেঁধে দিতে ব্যর্থতার কারণেই এডওয়ার্ডস এ দুজনের নেতৃত্বকে আক্রমণ করে কথা বলেন। এই আক্রমণের মুখে ক্লিনটন এবং ওবামা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা নিয়ে বলেন, "ইরাক যুদ্ধ ব্যয় বিল বাদ দেওয়ার পক্ষে ভোট দেওয়া সহজ কথা নয়। কারণ ইরাকে মাঠ পর্যায়ে সেনা রয়েছে। " ওবামা এও স্মরণ করিয়ে দেন যে, তিনি গোড়া থেকেই ইরাক যুদ্ধের বিপক্ষে কথা বলে এসেছেন। এর পরপরই এডওয়ার্ডসকে আক্রমণ করে ওবামা বলেন, "এডওয়ার্ডস ইরাক ইসুতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে সাড়ে ৪ বছর পিছিয়ে আছেন।" দেলাওয়ারের সিনেটর জোয়ে বিদেন ইরাক যুদ্ধ ব্যয় বিলে ভোট দিয়েছিলেন। তিনি এর পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, লড়াইরত সেনাদের রক্ষায় এই ভোট অপরিহার্য। এদিকে, ওহিও'র রিপাবলিকান ডেনিস কুচিনিখ এবং আলাস্কার সাবেক সিনেটর মাইক গ্র্যাভেল দুজনই এডওয়ার্ডের মতোই ইরাক যুদ্ধ যথেষ্ট কিছু না করার জন্য অন্যান্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের সমালোচনায় সরব হন। কুচিনিখ বলেন, এই যুদ্ধের দায় ডেমোক্রেট পার্টিরই। কারণ, জনগণ ডেওেমাক্রেটদেরকেই এই যুদ্ধ বন্ধের দায়-দায়িত্ব দিয়ে নির্বাচনে জিতিয়েছে। বিডিনিউজ টুযেন্টি ফোর ডট কম/ এলকিউ/১৫১১ঘ.