২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুকির জন্য প্রার্থনা মিছিলে মিয়ানমার জান্তা সরকারের বাধা

মিয়ানমারে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুকির তিন শতাধিক সমর্থকের একটি প্রর্থনা মিছিলে রোববার বাধা দিয়েছে সামরিক জান্তা সরকার। সুকির জন্য আয়োজিত প্রার্থনাসভা অনুষ্ঠান করতে সমর্থকদের এই দলটি ‘শোয়েদাগন প্যাগোডা’ অভিমুখে রওনা দিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। দলের নেতৃত্ব দিচ্ছিলেন ১৯৮৮ সালের গণতান্ত্রিক আন্দোলনের সাবেক ছাত্র-নেতারা। জান্তা সরকার সুকির গৃহবন্দিত্ব আরও এক বছর বাড়ানোর দুদিন পর এ ঘটনা ঘটল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

পুলিশ ও জান্তা সরকারের সমর্থকরা রাস্তা অবরোধ করে সুকির সমর্থকদের প্যাগোডায় ঢুকতে বাধা দেয়। অথচ এই প্যাগোডা সুকির জন্য প্রার্থনা মিছিলেরই স্থান। আগের প্রার্থনা মিছিলগুলো এ জায়গাতেই হয়েছে।

রোববার বাধার মুখে সুকির বিরোধীদলীয় ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদস্যরা দলের সদরদপ্তরে ফিরে যায়। সেখানেই তারা সুকির জন্য প্রার্থনা করে এবং তার মুক্তির দাবিতে স্লোগান দেয়।

‘অবিলম্বে সুকির মুক্তি চাই’, ‘প্রার্থনায় বাধা মানি না’, স্লোগান দিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান সাবেক ছাত্রনেতা মিন কো নাইং। বেশির ভাগেরই পরনে ছিল সুকির ছবি আঁকা টি-শার্ট। বিক্ষোভকারীরা ১৯৯০ সালের নির্বাচনে এনএলডি’র বড় ধরনের জয় এবং জান্তা সরকারের বিরূপ আচরণের বার্ষিকীও পালন করেন।

উল্লেখ্য, ৬১ বছর বয়স্ক সুকি গত ১৭ বছরের মধ্যে ১১ বছরেরও বেশি সময় ধরে গৃহবন্দি হয়ে আছেন। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ কর্মকর্তা পাওলো সার্জিও পিনহেইরো তার এই বন্দিত্বকে বর্বর এবং গ্রহণযোগ্য নয় বলেছেন।

কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার বলেছে, ২০০৩ সালের ৩০ মে সুকির গৃহবন্দিত্ব শিথিল করা হয়েছে। আর জাতীয় সংহতির জন্য তার মুক্তির প্রয়োজন নেই।