যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে চেক প্রজাতন্ত্রে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে রাজধানী প্রাগে শনিবার বিক্ষোভ করেছে হাজার হাজার চেক নাগরিক। চেক প্রজাতন্ত্রে প্রস্তাবিত ওই প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় একটি রাডার ঘাঁটি গড়ে তোলার পক্ষে সমর্থন আদায় করতে আগামী মাসের শুরুতে এদেশ সফরে আসার কথা রয়েছে প্রেসিডেন্ট বুশের। কিন্তু তার আগেই ওই পরিকল্পনা নাকচের দাবিতে এই বিক্ষোভ হল।
যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনার নিন্দা জানিয়ে তৈরি ব্যানার ও প্ল্যকার্ড হাতে নিয়ে প্রায় দু’হাজার মানুষ শান্তিপূর্ণ এ বিক্ষোভে অংশ নেন। প্রাগের নগরকেন্দ্র থেকে শুরু হয়ে রাজধানীর ঐতিহ্যবাহী প্রাগ দুর্গের কাছে গিয়ে বিক্ষোভ-মিছিল শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া ৩৪ বছর বয়সী চেক নাগরিক জেন কার্নি বলেন, “এটা একেবারেই অর্থহীন।” তার হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল “ আমরা এখানে রাডার চাই না।”
প্রস্তাবিত এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্র পোলান্ডে ১০ টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং চেক প্রজাতন্ত্রে একটি রাডার ঘাঁটি গড়ে তুলতে চায়।
সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ চেকই এখানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার বসানোর বিরোধী। তবে দেশটির কট্টর ডানপন্থী সরকার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহী।
যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনার বিরোধিতা করে আসছে রাশিয়া। তাদের অভিযোগ, রাশিয়ার স্থাপনাগুলোতে গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে এ ব্যবস্থা। এমনকি, ভৌগলিকভাবে কাছাকাছি হওয়ার কারণে আক্রান্ত হওয়ারও আশঙ্কা আছে রাশিয়ার।
