নিরাপত্তাহীনতার কারণে আফগানিস্তানে সাহায্য কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে: জাতিসংঘ
আফগানিস্তানে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে প্রায় ১০ লাখ মানুষের কাছে খাদ্য সাহায্য পৌঁছানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কার্যক্রম বিষয়ক সংস্থা ডাব্লিউএফপি।
সম্প্রতি আফগানিস্তানে সহিংসতা অনেক বেড়েছে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী ক্ষমতাসীন তালেবান সরকারকে উৎখাতের পর গত বছর সবচেয়ে বেশি রক্তপাতের ঘটনা ঘটে। দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকায় তালেবান হামলাকারীরা সবচেয়ে বেশি তৎপর।
ডাব্লিউএফপি জানায়, ওই এলাকায় সশস্ত্র হামলা ও সংস্থার ট্রাক লুটের ঘটনা দ্রুত হারে বেড়েছে। লুটেরাদের ঠেকাতে গিয়ে ট্রাক চালকরা গুলিতে আহত হচ্ছেন।
বৃহস্পতিবারের সর্বশেষ ঘটনায় ৫২ টন খাদ্য লুট করা হয়েছে বলে জানান কাবুলে ডাব্লিউএফপির তথ্য কর্মকর্তা এবাদুল্লাহ এবাদি। তিনি বলেন, “এ ঘটনায় দরিদ্রদের মধ্যে দরিদ্রতম মানুষেরা দুর্দশার শিকার হন।”
তিনি জানান, সরকার এ ধরনের ট্রাকবহরের ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে।
ডাব্লিউএফপি বর্তমানে প্রায় ২০ লাখ আফগানকে খাদ্য সাহায্য দিচ্ছে।
সংস্থাটির আফগান প্রতিনিধি রিক করসিনো এক বিবৃতিতে বলেন, “আইনের কাছে না হলেও অন্তত যাদের খাদ্য তারা লুট করছে তাদের কাছে হামলাকারীদের অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “তাদের উদ্দেশ্য যেটাই হোক, তারা ইতিমধ্যে দরিদ্রতম আফগানদের যথেষ্ট দুর্দশার মধ্যে ফেলেছে।”
