ভুল বিবৃতি পড়ায় জাতিসংঘের বৈঠক বাতিল
ভুল বিবৃতি পড়ায় শুক্রবার নিরাপত্তা পরিষদের একটি বৈঠক জাতিসংঘের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। মার্কিন দূত জালমে খলিলজাদ সুদান নিয়ে যুক্তরাষ্ট্রের একটি ভুল বিবৃতি পড়ার পর ওই বৈঠক বাতিল করা হয়। পরে আরেকটি বৈঠক ডেকে সঠিক বিৃবতিতে পড়ে শোনান খলিলজাদ।
শুক্রবার নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশনে বর্তমান সভাপতি খলিলজাদ দারফুরে সুদান সরকারের তৎপরতা তীব্র নিন্দা জানাতে গিয়ে কড়া ভাষার একটি বিবৃতি পড়ে শোনান যাতে ওই অঞ্চলে বিমান থেকে বোমাবর্ষণের কথা উল্লেখ করা হয়।
ওই বৈঠকে অংশগ্রহণকারীরা জানান, অধিবেশন শেষ হওয়ার পর রুশ দূত ভিতালি চুরকিন খলিলজাদের ভুল শুধরে দিয়ে জানান যে নিরাত্তা পরিষদের সদস্যরা যে বিবৃতিতে একমত হয়েছিল, এটি তা নয়।
প্রায় ১০ মিনিট পর পরিষদের কর্মকর্তারা বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করা কূটনীতিবিদদের একত্রিত করে নিরাপত্তা পরিষদের সম্মেলন কক্ষে ফিরিয়ে আনেন আরেকটি বৈঠকের জন্য। প্রথম অধিবেশন বাতিল ঘোষণা করে আগের বৈঠকগুলোর ধারাবাহিকতায় একই নম্বরে আরেকটি বৈঠক ডাকেন খলিলজাদ। বৈঠকে তিনি সঠিক বিবৃতিটি পড়ে শোনান যাতে দারফুরে বিবদমান পক্ষগুলোকে সহিংসতা পরিত্যাগের আহ্বান জানানো হয়েছে।
এ প্রসঙ্গে জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র বেঞ্জামিন চ্যাং বলেন, “তিনি (খলিলজাদ) পুরনো বিবৃতিটি পড়েছিলেন।”
এরপর তিনি খলিলজাদকে বলেন, “নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশনটি কখনই ঘটেনি।”
জাতিসংঘের কর্মকর্তারাও ওই অধিবেশনটি বাতিল করার ব্যাপারে একমত হন।
খলিলজাদ পরের বৈঠক শেষে প্রথম বৈঠকে ভুল করার বিষয়টি স্বীকার করেন এভাবে, “বর্তমান বৈঠকটি মুলতবি ঘোষণা করা হলো।”
পরে সাংবাদিকদের তিনি বলেন, “আমি প্রথমে যে বিবৃতিটি পড়ে শুনিয়েছিলাম তাতে দুটি শব্দ ছিল যা এতে থাকার কথা ছিল না। ঘটনাটি ছিল শুক্রবার দিনশেষের। প্রচ- চাপের মধ্যে কাজ করতে গেলে মানুষের এ ধরনের ভুল হতেই পারে।”
