২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, আরও এক ফিলিস্তিনি মন্ত্রী আটক

গাজায় ইসরায়েলি হামলায় শনিবার কমপক্ষে চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এদিকে আরও এক ফিলিস্তিনি মন্ত্রীকে তুলে নিয়ে গেছে ইসরায়েল। হামাস মন্ত্রিসভার সদস্য ওয়াসফি কাবহাকে পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তার গ্রামের বাড়ি থেকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি এক নিরাপত্তা কর্মকর্তা ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 05:28 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি শিক্ষামন্ত্রী নাসের আল শায়েরসহ অপর ৩২ কর্মকর্তাকে আটক করে ইসরায়েলিরা।

ইসরায়েল বলেছে, শনিবার জেনিনের এক হামাস সদস্যকে আটক করেছে তারা। তবে তার পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি।

এদিকে শনিবারও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গাজায় হামাসের নিরাপত্তা বাহিনীর দপ্তরের প্রায় পুরোটাই গুঁড়িয়ে গেছে ইসরায়েলি বিমান হামলায়। এ ঘটনায় নিরপত্তা বাহিনীর চার সদস্য নিহত এবং ২০ জন আহত হন।

এছাড়া প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার বাড়ির কাছে একটি হামাস ঘাঁটিতে সকালে কমপক্ষে পাঁচবার বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। এতে তিন পথচারী আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানান।

এর আগে বৃহস্পতিবার পশ্চিম তীরের নাবলুস শহরে ঢুকে শিক্ষমন্ত্রী নাসের আল শায়েরসহ হামাসের অন্ততপক্ষে তিনজন আইনপ্রণেতা, নাবলুসের মেয়র, উপ - মেয়র এবং অন্যান্য হামাস কর্মকর্তাদের ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। হামাস কর্মকর্তারা একথা জানিয়েছেন।

হামাস ও অন্যান্য দলগুলো ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ইসরায়েলে রকেট হামলা বন্ধের আহ্বান প্রত্যাখ্যান করার পরপরই এই গণআটকের ঘটনা ঘটে। ফিলিস্তিনে জাতীয় ঐক্যের সরকার গঠনের দুমাস পেরুলেও হামাস ও আব্বাসের ফাতাহ দলের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। দুপক্ষের এই লড়াইয়ের মাঝেই গাজা ও পশ্চিম তীরে  অভিযানে নেমেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “পশ্চিম তীর থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।” 

বিবৃতিতে আরও বলা হয়েছে, “হামাসের সন্ত্রাসী সংগঠন সম্প্রতি পশ্চিম তীরে সন্ত্রাসের বিস্তৃতি ঘটানোর চেষ্টায় আছে। গাজায় যে পন্থায় তারা কাজ করছে এখানেও সেই মডেলের ভিত্তিতেই কাজ করছে তারা। সন্ত্রাসী কর্মকা- উৎসাহিত করতে তারা সরকারি প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাচ্ছে।”

আটকাদেশের ভিত্তিতেই মন্ত্রীসহ অন্যান্যদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। গত বছরও ইসরায়েল একই ধরনের আটকাভিযান চালিয়েছিল। ওই ঘটনার পর ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। হামাস প্রধানমন্ত্রী ইসরায়েল এবং পশ্চিমাদের বিরুদ্ধে আব্বাসের ফাতাহ দলকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছেন।

ইসরায়েল সরকারের কর্মকর্তা ডেভিড বেকার বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি জঙ্গিদের খোঁজে অভিযান চালিয়ে যাবে। তিনি সুনির্দিষ্ট করে বলেন, হামাসের সন্ত্রাসী কর্মকা-ের অবসান ঘটাতে ইসরায়েল মরিয়া। গাজায় বিমান থেকে হামাস জঙ্গিদের ওপর প্রচ- বোমাবর্ষণ করছে ইসরায়েল।