২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছবোমা নিষিদ্ধের অঙ্গীকার প্রায় ৭০ দেশের

২০০৮ সালের মধ্যে বিশ্বে গুচ্ছবোমা নিষিদ্ধ করার অঙ্গীকার করলো প্রায় ৭০টি দেশ। পেরুর রাজধানী লিমায় ৬৮টি দেশের প্রতিনিধিরা শুক্রবার এক সম্মেলনে ওই অঙ্গীকার করেন। ওই সম্মেলনে এ বিষয়ে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করা হয়। তবে ক্লাস্টার বা গুচ্ছবোমার বৃহত্তম উৎপাদক যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন ওই সম্মেলনে যোগ দেয়নি। যোগ দেয়নি গত বছরের লেবানন যুদ্ধে গুচ্ছবোমা ব্যবহার করে তীব্রভাবে নিন্দিত ইসরায়েলও। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 04:25 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

‘ক্লাস্টার মিউনিশন কোয়ালিশন’ নামে একটি জোট গঠনের মাধ্যমে গুচ্ছবোমা নিষিদ্ধের পক্ষে বিশ্বজুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আয়োজকরা। তারা বলেন, বিশ্বজুড়ে গুচ্ছ বোমার ভয়াবহতার শিকারদের বেশিরভাগই অসামরিক নাগরিক। এদের মধ্যে প্রায় এক - চতুর্থাংশই শিশু।

তারা জানান, বিশ্ব ইতিহাসে গুচ্ছবোমার ভয়াবহতম শিকার ভিয়েতনাম। ৩০ বছরেরও বেশি সময় আগে মার্কিন বোমারু বিমান থেকে ফেলা লাখ লাখ গুচ্ছবোমা এখনও অবিস্ফোরিত রয়ে গেছে। এদের যে কোনোটিই যেকোনো সময় বিস্ফোরিত হয়ে যে কারো প্রাণহানি ঘটাতে পারে। আর এখনও ভিয়েতনামে এমন মৃত্যুর শিকার হয়ে চলেছে অসামরিক নারী পুরুষ ও শিশুরা।

ফেব্রুয়ারি মাসে নরওয়েতে হিউম্যান রাইটস ওয়াচ আয়োজিত এক বৈঠকে ২০০৮ সালের মধ্যে গুচ্ছবোমা নিষিদ্ধ করার যে আহ্বান জানানো হয়েছিল তার পক্ষে সমর্থন আদায়ের জন্যই পেরুর রাজধানী লিমায় এ সম্মেলনের আয়োজন করা হয়। অসলো বৈঠকে অংশ নিতে পারেনি এমন ২৮টি দেশ এ বৈঠকে যোগ দিয়েছে।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর অস্ত্র শাখার পরিচালক স্টিভ গুজ বলেছেন, “এক বছরের মধ্যে গুচ্ছবোমা নিষিদ্ধ করে একটি আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী আমরা।”

এ আয়োজনের পরবর্তী নির্ধারিত বৈঠক ডিসেম্বর মাসে ভিয়েনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক চুক্তির বিষয়ে ‘ক্লাস্টার মিউনিশন কোয়ালিশন’ এর সমন্বয়ক থমাস ন্যাশ বলেন, “মুশকিল হল যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স, ফিনল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো আরও দুর্বল শর্তের একটি চুক্তি চাইছে।”

এদিকে, গুচ্ছবোমা উৎপাদন করে এমন অনেকগুলো ইউরোপীয় দেশ চাইছে কিছু কিছু বোমাকে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হোক। বিশেষত, যদি কোনো বিস্ফোরকের নিজে নিজেই ধ্বংস হয়ে যাওয়ার প্রযুক্তি থাকে তবে সেগুলোকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখতে হবে।

অন্যদিকে, বিশ্বের বৃহত্তম গুচ্ছবোমা উৎপাদক যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এ আয়োজনে যুক্ত হতেই রাজি হয়নি। বৈঠকে যোগ দেয়নি ইসরায়েলও।