যুদ্ধব্যয় বিলে স্বাক্ষর করলেন বুশ
ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে যেতে জরুরি যুদ্ধব্যয় বিলে শুক্রবার স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জর্জ বুশ। ডেমোক্রেটদের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত বিনাশর্তেই ইরাক যুদ্ধব্যয় তহবিল জেতেন বুশ। ডেমোক্রেটরা মঙ্গলবার ইরাক - আফগান যুদ্ধব্যয় বিলে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা ছেড়ে দিলে বুশ অনায়াসেই প্রায় ১০ হাজার কোটি ডলারের তহবিল পেয়ে যান। তবে ডেমোক্রেটরা আপাতত সেনা প্রত্যাহারের দাবি ছাড়লেও জুলাইয়ে আবারও এ নিয়ে বুশকে চাপ দেওয়ার অঙ্গীকার করেছেন।
যুদ্ধব্যয় তহবিল নিয়ে ডেমোক্রেট দল ও হোয়াইট হাউসের মধ্যে চার মাসের বিতর্ক শেষে বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ওই বিলের ওপর ভোট গ্রহণ হয়। প্রতিনিধি পরিষদ ২৮০ - ১৪২ ভোটে বিলটি অনুমোদন করে। পরে সিনেট বিলটির অনুমোদন দেয় ৮০ - ১৪ ভোটে। বুশ বিলটিতে স্বাক্ষর করেন শুক্রবার দিনশেষে।
নতুন বিলটিতে স্বাক্ষর করার পর মেরিল্যান্ডের বেথেসডা নৌবাহিনীর একটি হাসপাতালে আহত সেনাদের দেখতে গিয়ে বুশ বলেন, “আমরা একটা ভালো বিল পেয়েছে যাতে সেনাবাহিনীকে কী করতে হবে তা বলা নেই। শুধু তাই নয়, এটা ইরাকিদের কাছে এমন ইঙ্গিতও পৌঁছাবে যে মার্কিনিরা সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে এখনও আশাবাদী।”
এ বিলের মাধ্যমে অনুমোদিত তহবিল নিয়ে ২০০১ সালের শেষার্ধ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট যুদ্ধব্যয় তহবিল দাঁড়াবে ৫৬ হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি।
বিলটি অনুমোদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এ সপ্তাহান্ত পর্যন্ত। বুশকে ওই তহবিল না দেওয়ার জন্য আইনপ্রণেতারা চেষ্টা চালিয়ে গেলেও শেষপর্যন্ত সে উদ্যোগ ব্যর্থ হয়। আগে ডেমোক্রেটরা ১ অক্টোবর থেকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের শর্ত জুড়ে দিলেও এর পরিবর্তে ডেমোক্রেট নেতৃত্বাধীন কংগ্রেস এবং হোয়াইট হাউস- দুপক্ষই এ মুহূর্তে ইরাক পরিস্থিতির উন্নতির জন্য বাগদাদকে শর্ত জুড়ে দিতে একমত হয়।
ইরাক পরিস্থিতির উন্নতি করতে না পারলে বাগদাদ সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক হাজার ৬০০ কোটি ডলারের পুনর্গঠন তহবিল পাবে না--- এ শর্তারোপ করতে প্রথমবারের মতো সমঝোতায় পৌঁছে কংগ্রেস ও হোয়াইট হাউস। এ সমঝোতার ভিত্তিতেই ডেমোক্রেটরা আপাতত বুশকে সেনা প্রত্যাহারের চাপ থেকে রেহাই দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
তবে ‘হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি’ চেয়ারম্যান উইসকনসিনের সিনেটর ডেভিড ওবে বলেছেন, “ডেমোক্রেটরা আরেকটি বিলে সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে লড়বে। এর মানে হচ্ছে, আমরা ইরাক যুদ্ধ নিয়ে বিতর্কটাকে এখনকার জরুরি তহবিলের সঙ্গে না রেখে বরং ২০০৮ সালের অর্থবছরের তহবিল বিলে নিয়ে যাব। এই বিল নিয়ে কংগ্রেসে লড়াই শুরু হবে জুলাইয়ে।”
এর আগে কংগ্রেসে আনা ইরাক - আফগান যুদ্ধব্যয় বিলে ডেমোক্রেটরা ইরাক থেকে সেনা প্রত্যাহারের শর্ত জুড়ে দিলে বুশ তাতে ভেটো দেন। পরে ডেমোক্রেটরা আবারও বিলে ওই শর্ত বেঁধে দেওয়ার চেষ্টা নিলে বুশ তাতেও ভেটো দেওয়ার হুমকি দেন।
বুশ স্পষ্টই বলে দেন, তিনি শর্তসাপেক্ষ কোনো বিলে স্বাক্ষর করবেন না। এখন ওই শর্ত আপাতত বাদ দিয়ে ডেমোক্রেটরা রাজনৈতিক বাস্তবতাকেই স্বীকার করে নিলেন।
