আফগানিস্তানে বোমায় জেলা প্রশাসকসহ ১০ পুলিশ নিহত
আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের দুটি ঘটনায় এক জেলা প্রশাসকসহ ১০ পুলিশ নিহত হয়েছেন। আফগানিস্তানের দক্ষিণ--পূর্ব প্রদেশ পাকটিকায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে জেলা প্রশাসকসহ ৬ পুলিশ নিহত হন। এর কয়েক ঘন্টা পরই দক্ষিণাঞ্চলীয় আফগান প্রদেশ কান্দাহারে আরেকটি বোমা বিস্ফোরণে ৪ পুলিশ নিহত হন। আহত হন আরও কয়েকজন। পাকটিকা থেকে গভর্নর আকরাম পেলোয়াক এবং কান্দাহারের আফগান কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
তালেবানরা পাকটিকা প্রদেশে বোমা বিস্ফোরণ ঘটনার দায় স্বীকার করেছে। তবে কান্দাহারে বিস্ফারণের ঘটনা সম্পর্কে তালেবানদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পাকটিকার গর্ভনর আরও জানান, পাকিস্তান সীমান্তের কাছাকাছি ‘ইয়াহিয়া খেইল’ জেলায় এ ঘটনা ঘটে।
সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে সহিংসতা অনেক বেড়েছে। ২০০১ সালে তালেবান উৎখাত অভিযান শুরুর পর গত বছর থেকে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
জঙ্গিরা বিশেষত আফগানিস্তানের দক্ষিণ--পূর্বাঞ্চলে বেশি সক্রিয়। এসব এলাকায় গত কয়েক মাসে ৫ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।
ন্যাটো এবং মার্কিন নেতৃত্বাধীন প্রায় ৫০ হাজার বিদেশি সেনা এবং প্রায় ১ লাখ আফগান নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও আফগানিস্তানে সহিংসতা ক্রমেই বাড়ছে।
