২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন কাজাখস্তানের প্রেসিডেন্ট থাকার বন্দোবস্ত করলেন নাজারবায়েভ

কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ সংবিধান সংস্কার করে তার আজীবন প্রেসিডেন্ট থাকার বন্দোবস্ত করেছেন। গত সপ্তাহে দেশটির পার্লামেন্ট নিরঙ্কুশভাবে ওই আইন অনুমোদনের পর তিনি তাতে স্বাক্ষর করেন। এ আইনের ফলে যতোবার খুশি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন নাজারবায়েভ। দেশটির সরকারি পত্রিকা কাজাখস্তান প্রাভদা মঙ্গলবার একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

৬৬ বছর বয়সী নাজারবায়েভ ১৯৮৯ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট পদে রয়েছেন। দেশের সংবিধান অনুসারে দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর সুযোগ না থাকায় সংবিধান সংস্কারের উদ্যোগ নেন তিনি। নিয়ম অনুযায়ী ২০১২ সালে তার প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদও শেষ হয়ে যাওয়ার কথা।

দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচন করার ওপর নিষেধাজ্ঞার স্থলে সংবিধানের ওই অনুচ্ছেদে নতুন করে যে সংযোজনী আনা হয় তাতে বলা হয়েছে, “দুবারের বেশি নির্বাচন না করতে পারার এ সীমাবদ্ধতা কাজাখস্তান প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।”

সংবিধানের এ সংশোধনীতে আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়। গণতন্ত্র বিকাশের লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে বলে দাবি করেছে সরকার। এর মধ্যে রয়েছে পার্লামেন্টের ডেপুটির সংখ্যা বাড়ানো, সাত বছরের জায়গায় প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছরে কমিয়ে আনা এবং প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা বাড়ানো।

কাস্পিয়ান সাগর তীরের এ সাবেক সোভিয়েত রাষ্ট্রটির সমৃদ্ধ তেলভাণ্ডার রয়েছে। তাছাড়া দুপাশে রাশিয়া এবং চীনের সঙ্গে সীমান্ত থাকায় এ দেশটির ভূ - রাজনৈতিক গুরুত্বও অনেক বেশি।