বিশ্ব উষ্ণায়ন বাড়ছে মাত্রাতিরিক্ত দ্রুততায়: অস্ট্রেলীয় প্রতিবেদন
বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির উর্ধ্বগতির কারণে উষ্ণায়ন মাত্রাতিরিক্ত দ্রুততায় বাড়ছে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত গ্রীনহাউস গ্যাস নির্গমণও অস্বাভাবিকরকম বেড়েছে। অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য কমনওয়েলথ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন’ (সিএসআইআরও) তাদের প্রতিবেদনে বলেছে, কার্বনডাই অক্সাইডের মতো অন্যান্য গ্যাস নির্গমণও ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত বছরে প্রায় ৩ শতাংশ বেড়েছে। এই অনুপাত ১৯৯০ সাল থেকে বছরে ১ শতাংশ বেশি।
সিএসআইআরও’র বিজ্ঞানী মাইক রূপক এক বিবৃতিতে বলেছেন, “গ্রীণহাউস গ্যাসসহ অন্যান্য গ্যাস নির্গমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, বিশ্বব্যাপী আমরা দিন দিন উৎপাদন বাড়াতে গিয়ে অনেক বেশি কার্বন পোড়াচ্ছি। ফলে উৎপাদন বেড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনও হচ্ছে দ্রুতহারে এবং এর মাত্রা গবেষকদের পূর্বানুমানকেও ছাড়িয়ে গেছে।”
মাইক বলেন, “১৯৯০ সাল এবং ২০০০ সালের শুরুর দিককার গবেষণায় যে ধারণা ব্যক্ত করা হয়েছিলো বর্তমানে বিশ্ব উষ্ণায়নের হার সেই অনুমান ছড়িয়ে গেছে।” কার্বন-চক্র, গ্যাস নির্গমণ বিশেষজ্ঞ এবং অর্তনীতিবিদদের একটি আন্তর্জাতিক প্যানেল এবং সিএসআইআরও’র ‘গ্লোবাল কার্বন প্রজেক্টে’র নেতৃত্ব দিচ্ছেন মাইক। এই প্রজেক্টের কাজ হচ্ছে, বিশ্বব্যাপী বাতাসে নির্গত কার্বন পরিমাপ এবং ফসিল ফুয়েলের চাহিদা নিরূপণ করা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালের তুলনায় বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৮ বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। আর ১৯৯৯৫ সালে এই হার ছিলো ৬ বিলিয়ন মেট্রিক টন।
মাইক বলেন, বিভিন্ন দেশে শিল্পায়নের ফলে ফসিল ফুয়েলের ব্যবহার বেড়েছে। বিশেষ করে চীনের মতো উন্নয়নশীল দেশগুলোতে এর ব্যবহার বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে শিল্প বিপ্লবের সময় দু শতাব্দী ধরে এসব অঞ্চলে ৫০ শতাংশেরও বেশি গ্যাস নির্গমণ হয়েছে। অন্যদিকে, চীনে এই হার ছিলো ৮ শতাংশেরও কম। অন্যান্য ৫০ টি স্বল্পোন্নত দেশে গ্যাস নির্গমণের হার ছিলো ০ দশমিক ৫ শতাংশেরও কম।
বর্তমানে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে গড় গ্যাস নির্গমণের হার ৫ টনেরও বেশি। চীনে এই হার বছরে ১ টন।
