প্রস্তাবিত মার্কিন অভিবাসন আইনের বিরোধিতা বাড়ছে
মার্কিন সিনেটের অভিবাসন বিলের বিরুদ্ধে শক্তিশালী জোট বাঁধছে শ্রমিক ইউনিয়ন, হিস্পানিক জনগোষ্ঠী এবং অধিকার সংরক্ষণ গ্র“পগুলো। তাদের মতে, শীর্ষস্থানীয় রিপাবলিকান সিনেটর ও হোয়াইট হাউসের সমঝোতায় আনা এ বিলটি শ্রমিক, তাদের পরিবার এবং চাকুরীদাতাদের জন্য ক্ষতিকর। অন্যদিকে রক্ষণশীল রিপাবলিকানরা এ বিলটির সমালোচনা করে বলছেন, এটি অনুমোদিত হলে তা হবে যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গকারী অবৈধ অভিবাসীদের পুরস্কৃত ও উৎসাহিত করার শামিল। এ অবস্থায় বিলটি নিয়ে সিনেটে বিতর্ক শুরুর সঙ্গে সঙ্গেই বিরোধীরা বিল সংস্কারের দাবিতে সেচ্চার হয়ে উঠছেন। যদিও বুশ প্রশাসন বলছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অভিবাসন আইন সংস্কারের দারুণ সুযোগ রয়েছে এ বিলে।
আমেরিকার অন্যতম পুরনো ও বড় হিস্পানিক গ্র“প ‘দি লিগ অফ ইউনাইটেড ল্যাটিন আমেরিকান সিটিজেনস’ বলেছে, এ বিলে পরিবারভিত্তিক অভিবাসনকে সঙ্কুচিত করার পরিকল্পনার তীব্র বিরোধী তারা। শ্রমিক ইউনিয়নসহ অনান্য হিস্পানিক গ্র“পগুলোও বলছে, প্রস্তাবিত আইনে পরিবর্তন আনার জন্য কাজ করবে তারা।
প্রস্তাবিত এ আইনে কঠোর নতুন সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, কর্মক্ষেত্রে অভিবাসন আইনের প্রয়োগ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া এবং অস্থায়ী শ্রমিক কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে। এতে ২০০৭ সালের জানুয়ারি মাসের আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রায় এক কোটি ২০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনার কথাও রয়েছে।
কিন্তু শ্রমিক ইউনিয়ন ও অভিবাসন অধিকার গ্র“পগুলো বলছে, পরিবারভিত্তিক অভিবাসন ব্যবস্থাকে সঙ্কোচনের পাশাপাশি অস্থায়ী শ্রমিক কর্মসূচিরও বিরোধী তারা। কারণ, এ কর্মসূচিতে শ্রমিকদের দুবছর কাজ করার পর এক বছরের জন্য দেশে ফিরে যেতে হবে। এভাবে দুইবছর কাজ করা এবং এক বছর দেশে থাকার জন্য মোট তিন মেয়াদে তাকে ভিসা দেওয়া হবে।
ল্যাটিন আমেরিকান সিটিজেন গ্র“পের প্রেসিডেন্ট রোসা রোসালেস এক বিবৃতিতে বলেছেন, “এ বিলটি শ্রমিকদের অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। স্বল্পমেয়াদে নিয়োগের কারণে নিয়োগদাতারা অসুবিধায় পড়বেন এবং এক বছরের জন্য বাড়ি যাওয়ার ঝক্কি এড়াতে বিপুল সংখ্যক শ্রমিক ভিসার মেয়াদ পার হয়ে যাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে থেকে যেতে বাধ্য হবেন। এভাবে আভিবাসন নিয়ে আরও জটিলতা সৃষ্টি হবে।”
এদিকে বিলটি নিয়ে সমালোচনার জবাবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, বিলটির বিরোধিতা করার আগে বিলটি পড়ে দেখা উচিৎ প্রত্যেকের।
বুশ বলেন, “বিষয়টি নিয়ে বিতর্ক যে আবেগপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষকে এটা বুঝতে হবে যে সীমান্ত নিরাপত্তার স্বার্থে অভিবাসন আইনের একটি যুগোপযোগী ও বিশদ প্রস্তাবনা থাকা দরকার।”
অন্যদিকে বিলটিকে যুক্তরাষ্টের রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থবিরোধী হিসেবে দাবি করে বিলটির সমালোচনা করেছেন রিপাবলিকানরা। এর মাধ্যমে দেশের আইন ভঙ্গকারী অবৈধ অভিবাসীদের পুরস্কৃত ও উৎসাহিত করা হবে বলে মন্তব্য করেছেন তারা।
কেন্টাকির সিনেটর জিম বানিং বলেছেন, “দেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা এবং গণতন্ত্রের মূল ভিত্তি আইনের শাসনের প্রশ্নে আপোষ করা হয়েছে এ বিলে।”
