পুতিনের সহযোগীকে গুপ্তহত্যার পরিকল্পনা বানচাল
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট সহযোগী ও দেশটির দ্বিতীয় বৃহত্তম নগর সেইন্ট পিটার্সবুর্গের গভর্নরকে গুপ্তহত্যার একটি পরিকল্পনা রুখে দিয়েছে রাশিয়ার গোয়েন্দারা।
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা শুক্রবার একথা জানায়।
সেইন্ট পিটার্সবুর্গের গভর্নর ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কোকে হত্যার যড়যন্ত্রকারী তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনপ্রয়োগকারী সংস্থার সূত্র উল্লেখ করে বার্তা সংস্থাটি জানায়। তবে আটক তিন ব্যক্তি কিংবা সূত্রের নাম উল্লেখ করেনি ইন্টারফ্যাক্স।
গভর্নর মাতভিয়েঙ্কো এক সংবাদ সম্মেলনে শনিবার বলেছেন, তিন ব্যক্তিকে আটকের ঘটনাটি তিনি জেনেছেন। তবে এ ঘটনার কারণে নিজের নিরপত্তা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
৫৮ বছর বয়সী মাতভিয়েঙ্কো বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চান না তিনি।
সেইন্ট পিটার্সবুর্গ পুলিশ এবং রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রাশিয়ার রাজনীতিতে অন্যতম ক্ষমতাধর এ নারী ২০০৩ সালে পিটার্সবুর্গের গভর্নর নির্বাচিত হন। গত ডিসেম্বরে আরেক মেয়াদে আরও পাঁচ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করেন পুতিন।
মাতভিয়েঙ্কো জন্ম গ্রহণ করেছিলেন বর্তমান ইউক্রেনে। পুতিনের জন্মশহর সেইন্ট পিটার্সবুর্গে ক্রেমলিনের প্রভাব বজায় রাখতে সহায়তা করেছেন মাতভিয়েঙ্কো। ঐতিহাসিক এ নগরের বাণিজ্যিক ও রাজনৈতিক গুরুত্ব ফিরিয়ে আনা এবং রুশ বিপ্লবের আগে এ নগরের জৌলুস পুনরুদ্ধারে কাজ করেছেন তিনি।
নজর কাড়া পোষাক ও আভিজাত্যের জন্য বিশেষ পরিচিতি রয়েছে মাতভিয়েঙ্কোর।
