২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী হিসেবে শেষবার ইরাক সফরে ব্লেয়ার

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের মতো ইরাক সফরে গেছেন টনি ব্লেয়ার। শনিবার বাগদাদ পৌঁছে ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি ও প্রধানমন্ত্রী নুরী আল-মালিকির সঙ্গে বৈঠক করতে কঠোর নিরাপত্তাধীন গ্রিন জোনে যান ব্লেয়ার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 May 2007, 02:52 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

গোষ্ঠীগত দাঙ্গায় বিভক্ত ইরাকের রাজনৈতিক পুনর্গঠন নিয়ে তিনি এ দুজনের সঙ্গে আলোচনা করবেন বলে কথা রয়েছে।

এক দশকের শাসনামলে ব্লেয়ার সবচেয়ে বেশি সমালোচিত হন এই ইরাক যুদ্ধ নিয়েই। মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে নিরঙ্কুশ সমর্থন দেওয়ায় জনঅসন্তোষের পাশাপাশি নিজের শ্রমিক দলের ভেতর থেকেই চাপ বাড়তে থাকে ব্লেয়ারের ওপর। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

২০০৩ সালে ইঙ্গ-মার্কিন আগ্রাসনে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে গোষ্ঠীগত দাঙ্গা ছড়িয়ে পড়ে। বর্তমান প্রধানমন্ত্রী মালিকির সরকার দাঙ্গা বন্ধে এখনও সফলতা পায়নি। তবে ব্লেয়ার বিশ্বাস করেন, ইরাকে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন এসেছে। দেশটির পরিস্থিতির দ্রুত উন্নতির ব্যাপারে একটি পরিকল্পনা নিয়ে এবার তিনি আলোচনা করতে চান।

ব্লেয়ারের এ সফর সম্পর্কে তার মুখপাত্র সাংবাদিকদের বলেন, “দেশটির রাজনীতিতে যে সন্ধিক্ষণ চলছে, ইরাকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ফিরিয়ে আনতে আমাদের উচিত তার সুযোগ নেওয়া।”

“আর এর জন্য জরুরি হলো, ইরাকের বিভিন্ন গোষ্ঠীর চাহিদাগুলোর প্রতি যথাযথ মনোযোগ দেওয়া যেন তাদের মধ্যে স্থায়ীভিত্তিতে রাজনৈতিক সম্প্রীতি ফিরিয়ে আনা যায়।”

ব্লেয়ার উত্তর আয়ারল্যান্ডে শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি কসোভো ও সিয়েরা লিয়নে সেনা পাঠালেও ইরাক নিয়ে তার ভাবমূর্তি দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মূল কারণ হলো, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের হাতে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে-এমন মিথ্যের আশ্রয় নিয়ে ব্লেয়ার ইরাক যুদ্ধে জড়িয়ে পড়েন বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। যেমন, ব্রিটেনের অবজারভার পত্রিকা এ বছরই একটি জরিপের ফলাফল প্রকাশ করে যেখানে দেখা যায়, ৫৮ শতাংশ ব্রিটিশ মনে করেন ইরাক যুদ্ধ হলো ব্লেয়ারের শাসনামলের সবচেয়ে বড় ব্যর্থতা।