আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ জার্মান সেনাসহ ৭ জন নিহত
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় জার্মানির তিন সেনাসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান।
কুন্দুজ শহরের নিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল নুর মোহাম্মদ জানান, শহরে টহল দেওয়ার সময় সেনারা ওই হামলার শিকার হন। এতে জার্মানির তিন সেনা এবং চারজন বেসামরিক আফগান নিহত হন।
অপর এক কর্মকর্তা জানান, ওই বিস্ফোরণে জার্মানির আরও দুই সেনাসহ মোট ১৪ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রাস্তায় টহলরত জার্মানির সেনাদের সঙ্গে একটি গাড়ি ছিল। কিন্তু ওই তিন সেনা ব্যস্ত সড়কে পায়ে হেঁটে টহল দেওয়ার সময়ই তাদের ওপর হামলা চালানো হয়।
আজিজ নামের এক দোকানি জানান, হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পাই আমরা। ভয় পেয়ে বাইরে এসে দেখি ভারী কালো ধোঁয়ায় রাস্তা ভরে গেছে।
এ আত্মঘাতী হামলার জন্য তালেবানদের দায়ি করেছেন এক নিরাপত্তা কর্মকর্তা। তবে তালেবানদের পক্ষ থেকে ঘটনার দায়িত্ব স্বীকার বা অস্বীকার করে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।
