ফ্রান্সে নতুন মন্ত্রিসভা ঘোষণা, পররাষ্ট্রমন্ত্রী হলেন বার্নার্ড কুচনা
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি শুক্রবার ব্যাপক-ভিত্তিক নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। সেইসঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন জনপ্রিয় বামপন্থী নেতা বার্নার্ড কুচনাকে। তাছাড়া, নির্বাচনী প্রতিশ্র“তি রক্ষার্থে সারকোজি ১৫ সদস্যের মন্ত্রিসভায় ৭ জন নারী নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি সরকারে পুরুষ আধিপত্য কমানোরই চেষ্টা নিলেন।
ইতমধ্যেই প্রধানমন্ত্রী পদে নিয়োগ পাওয়া ফ্রাসোয়া ফিলোনের সঙ্গে প্রেসিডেন্ট সারকোজি প্রথম বৈঠকে বসার কথা রয়েছে শুক্রবারেই। এ বৈঠক ফ্রান্সে অবিলম্বে সংস্কার কর্মসূচি শুরুরই স্পষ্ট ইঙ্গিত।
সাবেক প্রধানমন্ত্রী অ্যালে জুপে সরকারের ২য় শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন। তার অধীনে থাকছে পরিবেশ, টেকসই উন্নয়ন, পরিবহন ও জ্বালানি মন্ত্রণালয়। সাবেক লেবার মন্ত্রী জ্যঁ লুই বোল্লো ফ্রান্সের অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার সঙ্গে থাকছেন এরিক ওয়েথ। ফ্রান্সের বাজেট এবং সবরকম সরকারি ব্যয়ের বিষয়টি তিনি দেখাশুনা করবেন।
বৈদেশিক বাণিজ্য এবং শিল্পনীতির বিষয়টি কার দায়িত্বে রয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ দুটি বিষয় এতদিন দুই আলাদা মন্ত্রীর তত্বাবধানে ছিল। শুক্রবারের নতুন মন্ত্রীসভায় ওই দুই পদে কোনো প্রর্থীর নাম দেখা যায়নি।
ডানপন্থী সারকোজি প্রথমেই তার প্রশাসনে ৩ বামপন্থীকে বেছে নিয়েছেন। এর মধ্যে রয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী কুচনা, ইউরোপ বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ পিয়ে জোয়ে এবং সরকারি নীতি নির্ধারণী মন্ত্রী এরিক বেসোঁ।
