বেনজির, নওয়াজের দেশে ফেরার সম্ভাবনা নাকচ করলেন মুশাররফ
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সাফ জানিয়ে দিয়েছেন যে আগামী সাধারণ নির্বাচনের আগে দুই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও বেনজির ভূট্টোর কাউকেই দেশে ফিরতে দিচ্ছেন না তিনি। একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে শুক্রবার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
নওয়াজ শরীফ কিংবা বেনজির ভূট্টোর দেশে ফেরার প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “নির্বাচনের আগে কেউই দেশে ফিরছেন না।”
দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেনজির তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলা এড়াতে নির্বাসিত জীবন যাপন করছেন।
অন্যদিকে, ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওযাজ শরীফকে ক্ষমতাচ্যুত করেন এবং নির্বাসনে পাঠান মুশাররফ। নওয়াজের দল মুসলিম লীগকে ভেঙ্গে তার একাংশ নিয়ে নিজের রাজনৈতিক দলের ভিত গড়ার চেষ্টা চালান তিনি।
বেনজিরকে দেশে ফিরতে দেওয়ার বিনিময়ে একটি সমঝোতার মাধ্যমে ইসলামপন্থীদের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা এবং নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নতুন মেরুকরণের চেষ্টায় মুশাররফের সঙ্গে পাকিস্তান পিপলস পার্টির আলাপ আলোচনা চলছিল। দলের নেত্রী বেনজির নিজেই সেকথা জানিয়েছিলেন। তবে শর্ত ছিল, যেকোনো ধরনের সমঝোতার আগে সেনাপ্রধানের পদ ছাড়তে হবে মুশাররফকে।
মুশাররফ এ বিষয়ে তার মতামত জনসমক্ষে না বললেও বেশিরভাগ মানুষই মনে করেন, নিজের ক্ষমতার মূল চালিকাশক্তি সেনাবাহিনী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবেন না তিনি।
এদিকে প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করা নিয়ে সৃষ্ট জটিলতায় দারুণ বেকায়দায় আছেন মুশাররফ। বিশ্লেষকরা বলছেন, নিজের শাসনামলের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। করাচিতে গত সপ্তাহের সহিংসতায় প্রায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে।
এ অবস্থায় ওই ধরনের কোনো সমঝোতার সম্ভাবনা আরও সঙ্কুচিত হয়ে আসে।
পাকিস্তানের রাজনীতিতে অভিজ্ঞ বিশ্লেষকরা বলছেন, অসদাচরণের অভিযোগ এনে প্রধান বিচারপতিকে বরখাস্ত করার পেছনে মুশাররফের আসল উদ্দেশ্য হলো, তিনি প্রভাবিত করতে পারবেন এমন কাউকে ওই পদে বসানো। যাতে করে প্রেসিডেন্ট পদে তার পুননির্বাচন প্রচেষ্টা নিয়ে নিয়ে দেশে কোনো সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হলে আদালতকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি।
