২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক প্রধানের পদ ছাড়বেন না উলফোভিৎস

ইউরোপীয় দেশগুলোর চাপ সত্ত্বেও বিশ্ব ব্যাংক প্রধানের পদ ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন পল উলফোভিৎস। তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে ব্যাংকের পরিচালনা পরিষদের সঙ্গে আলোচনা করতেও রাজি নন তিনি। বুধবার তার আইনজীবী রবার্ট বেনেট রায়টার্সকে একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 01:08 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বেনেট বলেন, “জনাব উলফোভিৎস এ পরিস্থিতিতে পদত্যাগ করবেন না। নিজের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি বরং পরিচালনা পরিষদে ভোটাভুটির আহ্বান জানাবেন।”

উলফোভিৎসের বিরুদ্ধে বিশ্ব ব্যাংকের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ এনে কয়েকটি ইউরোপীয় দেশ তার পদত্যাগের দাবি জানিয়েছে। কিন্তু এ চাপের কাছে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন তিনি।

ইরাক যুদ্ধের রূপকার সাবেক মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উলফোভিৎস পরিচালনা পরিষদকে বলেন, তিনি ব্যাংকের এক কর্মী ও তার বান্ধবী সাহা রিজাকে পদোন্নতি দিয়েছিলেন নিয়মনীতি বিষয়ক পরিষদের একটি কমিটির পরামর্শে এবং সেটা তিনি বিশ্বাস করেই করেছিলেন। কাজেই তিনি চান, পরিষদ নিজেই নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করুক। তবে পরিষদের এক তদন্ত প্যানেল বলছে, উলফোভিৎস ব্যাংকের নিয়মনীতি ভেঙে রিজাকে পদোন্নতি দিয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কাজ করেছেন।     

তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাকা ব্যাংকের পরিচালনা পরিষদের একটি বৈঠক বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

পরিষদের কয়েকটি সূত্র জানায়, প্রতিষ্ঠানের প্রেসিডেন্টকে নিয়ে সৃষ্ট বিতর্ক নিরসনে বুধবার আলোচনা শুরু হয়েছে। কয়েকটি সদস্য দেশ বলেছে, তদন্ত প্যানেলের প্রতিবেদন নিয়ে একটি প্রস্তাব দেওয়া হোক যেখানে উলফোভিৎসকে এ সংক্রান্ত পরামর্শ দিয়ে পরিষদ যে ভুল  করেছে তাও নজরে আনা হয়।

উলফোভিৎস ২০০৫ সালের জুন মাসে বিশ্ব ব্যাংকের প্রধান নিযুক্ত হন। চাকরির শর্ত অনুযায়ী তিনি যদি পদত্যাগ করেন, কিংবা পরিচালনা পরিষদ যদি তাকে চাকরিচ্যুত করে তবে তিনি এক বছরের পারিশ্রমিক হিসেবে পৌনে চার লাখ ডলার পাবেন।