২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সমালোচনায় শ্রীলঙ্কা

মানবাধিকার পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কাকে সাহায্যদান বন্ধ করে দেওয়ায় যুক্তরাষ্ট্র ও বিটেনের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে। বুধবার এক বিবৃতিতে দেশদুটির ওই পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, সাহায্য বন্ধ করে দেওয়া হলে প্রয়োজনে একাই পথ চলবে শ্রীলঙ্কা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মানবাধিকার পরিস্থিতি এবং প্রতিরক্ষা ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ মাসের শুরুতে শ্রীলঙ্কাকে ঋণ হিসেবে দেওয়া প্রায় ৩০ লাখ ডলারের ত্রাণ সাহায্য বাতিল করে দেয় ব্রিটেন। সরকার এবং তামিল টাইগার গেরিলাদের মধ্যে সংঘাতে শ্রীলঙ্কায় নতুন করে গৃহযুদ্ধ শুরু হতে পারে- এ আশঙ্কাতেই ব্রিটেন ওই পদক্ষেপ নেয়।

এর পরপরই গত সপ্তাহে ‘নিরপত্তা ও মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেখানে সাহায্য কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের উদ্ধৃতি দিয়ে তার দপ্তরের কর্মকর্তারা জানান, “আমাদের সত্যিকারের সাহায্য দেওয়া হলে সে সাহায্য নেবো আমরা। কিন্তু তা না করা হলে সাহায্যের কথা ভুলে যাবো। সাহায্যের ওপর নির্ভরশীল আমরা হব না।”

রাজাপাকসে আরও বলেন,“ সুনামির কারণেই হোক কিংবা সংঘাতের কারণেই হোক বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব শ্রীলঙ্কা সরকারের। তাই সাহায্য পাচ্ছি কি পাচ্ছি না তা নিয়ে আমরা ভাববো না।”

২০০৪ সালের প্রলয়ঙ্করী সুনামির পর বিশ্বের বিভিন্ন দেশ ও সাহায্য সংস্থার কাছ থেকে শ’ শ’ কোটি ডলারের সাহায্য আসে শ্রীলঙ্কায়। প্রধানত বাস্তচ্যুত মানুষদের পুনর্বাসনের জন্য বাড়িঘর নির্মাণ এবং সড়ক ও অন্যান্য অবকাঠামো তৈরীর লক্ষ্যে এ সাহয্য সরবরাহ শুরু হয়েছিলো।

কিন্তু এ অর্থ সাহায্য পৌঁছানোমাত্র শ্রীলঙ্কার স্থানীয় সরবরাহকারীরা নির্মাণ সামগ্রীর দাম বাড়িয়ে দেয়। এতে করে দাতাদের নতুন করে সাহায্য পরিকল্পনা সংস্কার করতে হয়। এছাড়াও, সরকারি দীর্ঘসূত্রীতাসহ নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণেও সাহয্য কার্যক্রম ব্যহত হওয়ার অভিযোগ করেছে সাহায্য ও উন্নয়ন কর্মীরা।