২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেন ঠেলে চালু করল যাত্রীরা!

স্টার্ট বন্ধ হয়ে যাওয়া বাস, কার ঠেলে চালু করার ঘটনা ঘটে অহরহই। কিন্তু ট্রেন ঠেলে চালু করা! এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ভারতের বিহারে। শ’শ’ যাত্রী আধঘন্টারও বেশি সময় ধরে ১২ ফিট (৪মিটার) ঠেলে চালু করেছে থেমে যাওয়া একটি বৈদ্যুতিক ট্রেন। রেলওয়ে কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

 বিহারে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। এক যাত্রী ট্রেনের জরুরি চেন টানার সঙ্গে সঙ্গে ট্রেন থেমে যাওয়াতেই ঘটে ওই বিপত্তি। ট্রেনটি ‘নিউট্রাল জোন’ এ থেমে পড়ে। যেখানে ট্রেনের ওপরকার বৈদ্যুতিক তারে বিদ্যুৎ সংযোগ ছিলোনা। ফলে সেখান থেকে ট্রেনটিকে বেশ খানিকটা দূরের বিদ্যুৎবাহী তারের নীচে ঠেলে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। শেষ পর্যন্ত ড্রাইভারের অনুরোধে যাত্রীরা নীচে নেমে ট্রেন ঠেলে চালু করে।  

ভারতের রেলওয়ের মুখপাত্র দীপক কুমার ঝা বলেছেন, “এতগুলো বছর আমি রেলওয়েতে চাকরি করছি, এমন অদ্ভুত ঘটনার মুখে কখনও পড়িনি।”

উল্লেখ্য, সময়ের হিসাবে ট্রেন সাধারণত আপনা থেকেই নিউট্রাল জোনের মধ্য দিয়ে চলাচল করে থাকে।

ভারতের  রেলে দৈনিক ১৫ মিলিয়নেরও বেশি মানুষ যাতায়াত করে। এই সংখ্যা নরওয়ে এবং সুইডেনের সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি। কিন্তু ভারতীয় রেলের নিরাপত্তা রেকর্ড তেমন ভালো না হওয়ায় রেল সার্ভিসের সমালোচনা হয় প্রায়ই।