২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রে নির্বাসিত পোসাদা করিলেস একজন সন্ত্রাসী’

যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাবেক সিআইএ চর লুইস পোসাদা করিলেসকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করেছে কিউবার একটি গণআদালত। ১৯৭৬ সালে কিউবার একটি বিমানে বোমা হামলা চালিয়ে ৭৩ জনকে হত্যা এবং ১৯৯৭ সালে হাভানার কয়েকটি পর্যটন কেন্দ্রে বোমা হামলা চালানোর অভিযোগ এনে সেদেশের আইনের শিক্ষার্থীরা মঙ্গলবার একটি গণআদালত গঠন করে পোসাদা করিলেসের বিচার করে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে ১০ পাতার এক রায়ে জানানো হয়। পোসাদা করিলেসকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হলেও সম্প্রতি একটি মার্কিন আদালত তাকে মুক্তি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

হাভানায় মার্কিন কূটনৈতিক মিশনের বাইরে দাঁড়িয়ে আইনের শিক্ষার্থীরা ওই রায় পড়ে শোনান। তারা ১৯৬১ সালে কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে উৎখাত করতে পোসাদা করিলেসকে প্রশিক্ষণ দেওয়ায় এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ২০০৫ সালে তাকে গ্রেপ্তার করা সত্ত্বেও সন্ত্রাসী তৎপরতার জন্য তার বিচার না করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানান।

কম্যুনিস্ট পার্টির তরুণ সদস্য এসব শিক্ষার্থী দুদিন ধরে পোসাদা করিলেসের বিরুদ্ধে আনীত অভিযোগ সংক্রান্ত তথ্যপ্রমাণ নিয়ে শুনানির আয়োজন করেন। এসব তথ্যপ্রমাণ যোগাড়ে তাদের সহায়তা করে দেশের নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দারা।

তারা দেখান কীভাবে এল সালভাদর ও গুয়েতেমালার কয়েকজনের একটি দল পোসাদা করিলেসের কাছ থেকে অর্থ নিয়ে তার কাছে ২৪ কেজি প্লাস্টিক বিস্ফোরক পাচার করেছিল। এসব বিস্ফোরক পরে কিউবার কয়েকটি হোটেল ও নাইটক্লাবে পেতে রাখা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের মায়ামির স্প্যানিশ ভাষার একটি টিভি চ্যানেল এ সংক্রান্ত পোসাদা করিলেসের একটি সাক্ষাতকার প্রচার করেছিল। সাক্ষাতকারে তিনি স্বীকার করেন, হাভানার কোপাকাবানা হোটেলে বোমা পেতে রাখার জন্য তিনি এল সালভাদরের এক ব্যক্তিতে নিয়োগ করেছিলেন। ওই বিস্ফোরণে এক ইতালীয় পর্যটক নিহত হয়েছিলেন।

গণআদালতের বিচারকরা তার এ সাক্ষাতকারটি প্রচার করেন।

এ প্রসঙ্গে গণআদালতে সাক্ষ্য দিতে আসা কিউবার স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল রবার্তো হার্নান্দেজ রয়টার্সকে বলেন, “এটা গুরুত্বপূর্ণ যে বিশ্ব জানতে পারলো, পোসাদা করিলেসকে সন্ত্রাসবাদের অভিযোগে বিচার করার মতো যথেষ্ট সাক্ষ্য - প্রমাণ আছে। যুক্তরাষ্ট্রের উচিত তার বিচার করা, কারণ তার বিচার না করায় দেশটির সরকারের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।”         

যুক্তরাষ্ট্রের একটি আদালত কয়েকদিন আগে ৭৯ বছর বয়স্ক পোসাদা করিলেসকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ থেকে রেহাই দেয়। তার সন্ত্রাসী তৎপরতার জন্য বিচারপ্রার্থীরা এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান।