২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে হোটেলে বিস্ফোরণ, নিহত ২৫

পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ার শহরে মঙ্গলবার একটি খাবারের হোটেলে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। হোটেলের অভ্যর্থনা কেন্দ্রে বোমাটি পেতে রাখা হয়েছিল বলে প্রাদেশিক কর্মকর্তারা জানান। আফগানদের মালিকানাধীন ওই হোটেলটির অবস্থান ছিল সুপরিচিত একটি মসজিদ ‘মোহাব্বত খান’ এর কাছেই। এদিকে, একইদিনে করাচির সহিংসতা নিয়ে বিতর্ক অনুষ্ঠান পেছানোর দাবিতে ইসলামাবাদে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় রাজনীতিবিদরা। তারা মুশাররফের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়ে পার্লামেন্ট থেকে বেরিয়ে যান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বিরোধীদলীয় রাজনীতিবিদদের ওয়াকআউটের ঘটনায় পার্লামেন্ট করাচির ঘটনা নিয়ে বিতর্ক অনুষ্ঠান পেছানোর চাপের মুখে পড়েছে। করাচিতে সহিংসতার জন্য প্রেসিডেন্ট মুশাররফ এবং সরকার পন্থি রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) কেই দায়ী করেছেন বিরোধীদলীয় রাজনীতিবিদরা। ওয়াকআউটের সময় তারা ‘খুনী মুশাররফ, খুনী এমকিউএম নিপাত যাক’ স্লোগান দেন।

এদিকে, পেশোয়ারে বিষ্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। করাচির সহিংসতার সঙ্গে এ ঘটনার যোগসাজস থাকারও কোনো আভাস পাওয়া যায়নি। কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র সচিব সৈয়দ কামাল শাহ ঘটনাটি আত্মঘাতী ছিল না বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মোহাব্বত খান সমজিদের কাছে মারহাবা নামে ওই হোটেলটিতে বোমাটি পেতে রাখা হয়েছিল।”

“এটা একটা সন্ত্রাসী হামলা। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে কিংবা এর পেছনে কাদের হাত আছে তা নিয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি।”

এদিকে পুলিশ জানায়, হোটেলের অভ্যর্থনা কেন্দ্রের পাশে বোমাটি পেতে রাখা হয়েছিল।

প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী আসিফ ইকবাল দাউদজাই রয়টার্সকে বলেন, “আমার জানা মতে এ ঘটনায় ২৪ জন নিহত এবং ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।

এদের অনেকের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পেশোয়ারের পুলিশ প্রধান আব্দুল মজিদ মারওয়াত। 

হোটেলের এক কর্মচারী মুসলিম খান বিস্ফোরণের সময় রান্নাঘরে কাজ করছিলেন। তিনি বলেন, “রান্নাঘরে কাজ করার সময় আমি প্রচণ্ড শব্দে বিস্ফোরণের শব্দ শুনি এবং হোটেলের একদিকের দেওয়াল ভেঙে আমার পায়ের ওপর পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক চিত্রগ্রাহক জানান, রক্তক্ষয়ী ওই ঘটনার পর তিনি সেখানে অনেকগুলো মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।  

গোষ্ঠীগত দাঙ্গার জন্য পরিচিত আফগানিস্তানের সীমান্তবর্তী পেশোয়ার। পাকিস্তানি সেনারা সেখানে আল কায়েদা সদস্যদের সঙ্গে লড়াই করছে। 

করাচির সহিংসতার রেশ কাটতে না কাটতেই পেশোয়ারে হোটেলে হামলার ঘটনাটি পাকিস্তানের বর্তমান সঙ্কটে আরেকটি নতুন মাত্রা যোগ করেছে। করাচির সহিংসতার জন্য মুশাররফ বরখাস্ত প্রধান বিচাপতি ইফতিখার চৌধুরিকে দায়ী করেছেন।  বলেছেন, ইফতিখার করাচি সফর না করার আবেদন গ্রাহ্য করেননি।