২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বাড়াল জাপান

ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বাড়াতে পার্লামেন্টে মঙ্গলবার একটি বিল পাস করেছে জাপান। এই বিলের আওতায় জাপান আরও দু’বছরের জন্য যুক্তরাষ্ট্রকে বিমান সহযোগিতা দেবে। বিরোধীদলগুলোর ইরাক থেকে সেনা ফেরানোর দাবির মুখেও জাপানের পার্লামেন্ট এ পদক্ষেপ নিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 04:04 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

জাপানের সংবিধানে সেনা তৎপরতার গন্ডি বেঁধে দেয়া আছে। সংবিধান পুনপর্যালোচনা করে দেখার ওপর গণভোট আয়োজনের রূপরেখা দিয়ে একটি আইন প্রণয়নের পরদিনই জাপান যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বাড়ানোর ওই বিল পাস করল।

গত বছর জাপান ইরাক পুনর্গঠন মিশন থেকে ৬০০ স্থল সেনা প্রত্যাহার করে নেয়। কিন্তু পার্লামেন্টে মঙ্গলবার পাস হওয়া বিলের আওতায় যুক্তরাষ্ট্র ও এর মিত্রজোটকে ইরাক অভিযানে সহায়তা করবে ২০০ জাপানি ছত্রী সেনা।

প্রধান বিরোধী ডেমোক্রেটরাসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতে, ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া না যাওয়ায় এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।

 যুক্তরাষ্ট্রের মিত্র জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বুশের ইরাক নীতিতে সমর্থন দিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার পার্লামেন্টে বিরূপ সমালোচনার মুখে পড়েন। জনমত জরিপেও দেখা গেছে জনগণ ইরাকে সেনা পাঠানোর বিপক্ষে।

এ মাসের শুরুতে আবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে সেনাদের ধন্যবাদ জানাতে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, জাপান মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৯০ শতাংশ তেল আমদানি করে। সেকারণে এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা জাপানের জাতীয় স্বার্থের জন্যই গুরুত্বপূর্ণ।

জাপান কখন সেনা সরাবে জিজ্ঞেস করা হলে জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি বলেন ইসুহিসা শিওজাকি বলেন, “টোকিওর সচেতনভাবেই সিদ্ধান্ত নিয়ে দেখা উচিত যে তারা ইরাকের পুনর্গঠনে কিভাবে সাহায্য করতে পারে।”