আবারও হাসপাতালে মাহাথির
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে শারীরিক অসুস্থতার জন্য সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮১ বছর বয়সী মাহাথির ছয়মাস আগেও হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন। এবার শ্বাসযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তার ব্যক্তিগত এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
মাহাথিরের ব্যক্তিগত কর্মকর্তা সূফী ইউসূফ জানান, “ শ্বাস-প্রশ্বাসের জটিলতার কারণে মাহাথিরকে লঙ্কাবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। দুপুর সাড়ে ন’টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।”
মাহাথিরের অসুস্থতা সম্পর্কে স্থানীয় ‘দ্য স্টার পত্রিকা’ জানিয়েছে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। পত্রিকাটি পরিচালিত একটি মোবাইল ফোন সংবাদ সেবার মাধ্যমে তারা একথা জানায়।
২০০৩ সালের আগ পর্যন্ত একটানা ২২ বছর ধরে মালয়েশিয়া শাসন করেন মাহাথির। কিন্তু ক্ষমতা ছাড়ার পরও দেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব রয়েছে মাহাথিরের।
দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছেন মাহাথির। ১৯৮৯ সালে একবার বাইপাস সার্জারি হয়েছিল তার।
