ক্যাথলিক চার্চকে পুনরুজ্জীবিত করতে লাতিন আমেরিকায় পোপ
ব্রাজিল সফররত পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, মার্ক্সবাদী ব্যবস্থা অর্থনীতি, পরিবেশ এবং মানব চেতনায় ধ্বংস ডেকে এনেছে।
সমাজতান্ত্রিক প্রভাবাধীন লাতিন আমেরিকায় ক্যাথলিক চার্চের বিরুদ্ধে চ্যালেঞ্জ মোকাবেলা করতে আরও বেশি ভূমিকা রাখার জন্য সেখানকার বিশপদের প্রতি আহ্বান জানান তিনি। তবে, এমনকি সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াইয়ের ক্ষেত্রে হলেও রাজনীতি থেকে দূরে থাকার জন্য বিশপদের পরামর্শ দেন পোপ। লাতিন আমেরিকায় ক্যাথলিক চার্চের ক্ষয়িষ্ণু প্রভাব কাটিয়ে ওঠে চার্চের ক্ষমতা পুনরুজ্জীবিত করতে পাঁচদিনের এ ব্রাজিল সফরে আসেন ষোড়শ বেনেডিক্ট।
লাতিন আমেরিকার বিশপদের দুই সপ্তাহব্যাপী এক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে রোববার তিনি একথা বলেন।
ওই অঞ্চলে ধনী ও দরিদ্রদের ক্রমবর্ধমান সম্পদ বৈষম্যে উদ্বেগ প্রকাশ করে পোপ বলেন, মার্ক্সবাদ ও পুঁজিবাদ উভয়েই ল্যাতিন আমেরিকার মারাত্মক ক্ষতি করেছে। এখানকার মানুষেরা সুখের আশায় মাদক, অ্যালকোহলসহ নানা ক্ষতিকর ভোগবাদিতার মরীচিকার পেছনে ঘুরে বিভ্রান্ত হচ্ছেন।
তিনি বলেন, “লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জনগণের ঈশ্বরের পুত্রের জন্য মানানসই একটি পূর্ণাঙ্গ জীবন, স্বাভাবিক মানবিক অবস্থায় জীবন যাপন এবং ক্ষুধা থেকে মুক্তিসহ সব রকম সহিংসতামুক্ত জীবনের পূর্ণ অধিকার আছে।”
দারিদ্র নিয়ে পোপের উদ্বেগ ল্যাতিন আমেরিকার মারাত্মক দারিদ্রপীড়িত বস্তি এলাকায় কাজ করা স্থানীয় বিশপদের উৎসাহিত করতে পারে। অবশ্য পোপ তার বক্তৃতায় যাজকের কাজের সঙ্গে রাজনৈতিক মতাদর্শকে এক করে না ফেলতে আবারও সতর্ক করে দেন বিশপদের।
১৯৮০ এর দশকে লাতিন আমেরিকার বামপন্থী বিশপদের ‘মুক্তির ধর্মতত্ত্ব আন্দোলন’ এর ওপর ভ্যাটিকানের চালানো দমনাভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান পোপ ষোড়শ বেনেডিক্ট নিজেই। লাতিন আমেরিকার সামাজিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে পোপ মন্তব্য করেন, মার্ক্সবাদ অর্থনীতি, পরিবেশ ও মানব চেতনার ধ্বংস ডেকে এনেছে।
প্রায় ১১০ কোটি ক্যাথলিক খ্রিস্টানের আবাস লাতিন আমেরিকায়। সেখানকার লাখ লাখ ধর্মানুরাগী ক্যাথলিক চার্চ ছেড়ে দল বেঁধে প্রোটেস্ট্যান্ট চার্চে যোগ দেওয়াসহ জনগণের ওপর ক্যাথলিক চার্চের প্রভাব কমতে থাকার পরিপ্রেক্ষিতে পোপের এ সফরের আয়োজন করা হয়। পাঁচদিনের এ ব্রাজিল সফরে লাতিন আমেরিকায় ক্যাথলিক চার্চের ক্ষমতা পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাবেন পোপ।
বিশপ সম্মেলন উদ্বোধনের আগে রোববার সকালে আপারেসিডার বিশাল ব্যাসিলিকার সামনে এক সমাবেশের নেতৃত্ব দেন পোপ। ক্যাথলিকদের ঐতিহাসিক তীর্থ নগরীতে এ ধর্মানুষ্ঠানে প্রায় পাঁচ লাখ ভক্ত সমাগমের আশা করেছিলেন আয়োজকরা। কিন্তু তাদের হতাশ করে অনুমানের চেয়ে অনেক কম, মাত্র দেড়লাখ অনুসারী যোগ দেন পোপের এ প্রার্থনা সভায়।
