দুদিনের সহিংসতার পর ধর্মঘটে অচল করাচি
দুদিনের সহিংসতায় ৪০ জন নিহত এবং দেড় শতাধিক লোক আহত হওয়ার পর সোমবার ধর্মঘটে পুরোপুরি অচল হয়ে পড়েছে পাকিস্তানের বন্দর নগরী করাচি। ধর্মঘটের কারণে নগরীর দোকানপাটসহ রাস্তায় গাড়ী চলাচলও বন্ধ রয়েছে।
লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃৃপক্ষ। এর প্রতিবাদে ধর্মঘট ডেকেছে বিরোধী দলগুলো। দুই দশকের মধ্যে পাকিস্তানে সবচেয়ে ভয়াবহ ওই রাজনৈতিক সহিংসতার পর করাচির জনশূণ্য রাস্তাঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে।
পাকিস্তানের বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর সফরকে কেন্দ্র করে শনিবার এ সহিংসতা শুরু হয়। রোববার সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও করাচিতে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রোববারই আধাসামরিক বাহিনীকে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দিয়েছে সরকার।
করাচির পুলিশ প্রধান আজহার ফারুকি বলেছেন, নিরাপত্তা বাহিনী সারা শহরে জোরদার টহল দিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুরো নগরীতেই চাপা উত্তেজনা বিরাজ করলেও সোমবার সকাল পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
ফারুকি বলেছেন, “পুরো নগরীই অচল হয়ে পড়েছে। সব দোকানপাট বন্ধ এবং রাস্তায় খুবই কম সংখ্যক যানবাহন চলছে।”
ইফতেখার চৌধুরীকে সরাতে সরকারের প্রচেষ্টা নিয়ে সৃষ্ট বিচার বিভাগীয় সঙ্কটের এক পর্যায়ে শনিবার করাচির রাজপথে ছড়িয়ে পড়ে ওই সহিংসতা। ১৯৮০ এর দশকের পর পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে এ ঘটনা। পাশাপাশি বিষয়টি পরিণত হয়েছে ১৯৯৯ সালে ক্ষমতা দখলের পর প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে।
শনিবারের সহিংসতার জেরে সেখানকার গোষ্ঠীভিত্তিক গ্রুপগুলোর মধ্যে পুনরায় দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে করাচিজুড়ে, যেমনটি হয়েছিল ১৯৮০ ও ১৯৯০ এর দশকে।
এদিকে, শনিবারের রক্তপাত বন্ধে ব্যর্থতার জন্য বিরোধীদের সমালোচনার সম্মুখীন পুলিশ বলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
