শীর্ষ কমান্ডার মোল্লা দাদুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তালেবানরা
আফগানিস্তানে শীর্ষ তালেবান কমান্ডার মোল্লা দাদুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তালেবানরা।
সোমবার এক বিবৃতিতে তালেবানদের একটি সূত্র মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে দাদুল্লাহর মৃত্যুর কথা স্বীকার করেছে। সূত্রটি আরও জানায়, দাদুল্লাহর স্থানে নতুন একজন কমান্ডার নিয়োগের কথা ভাবছেন তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর।
আফগানিস্তানের জারকাবি নামে আখ্যায়িত মোল্লা দাদুল্লাহর মৃত্যু তালেবানদের জন্য একটা বড় রকমের ধাক্কা। মার্কিন সেনাদের হাতে আফগানিস্তানে এ পর্যন্ত অন্যতম শীর্ষ তালেবান কমান্ডারের মৃত্যুর ঘটনা এটি। দুর্ধর্ষ গেরিলা দাদুল্লাহ অনেক বিদেশি ও আফগান নাগরিকের অপহরণের নেপথ্য নায়ক বলে ধারণা করা হয়। মার্কিন সেনাদের ওপর হামলাসহ বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পক মনে করা হয় তাকে।
গত কয়েকবছরে বেশ কয়েকবার এই শীর্ষ তালেবান কমান্ডারের মৃত্যু এবং গ্রেপ্তারের গুজব শোনা গেলেও এবারই প্রথম এতো জোরেসোরে এ দাবি তোলে আফগান ও মার্কিন কর্তৃপক্ষ। তালেবানরাও বিষয়টি স্বীকার করে নেওয়ায় এতে আর কোনো সন্দেহ রইলো না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবান নেতা অজ্ঞাত স্থান থেকে রয়টার্সকে টেলিফোনে জানান, “হ্যাঁ, মোল্লা দাদুল্লাহ নিহত হয়েছেন।” তিনি আরও বলেন, “এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। কারণ দাদুল্লাহ ছিলেন মার্কিন ও আফগান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা প্রণয়নকারী।”
এর আগে রোববার দেশটির গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা সাইদ আনসারি জানান, “মোলা দাদুল্ল¬াহ নিহত হয়েছেন এবং তার মৃতদেহ এখন কান্দাহারে রয়েছে।”
গোয়েন্দা বিভাগের আরেক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এক পা বিহীন মোল্লা দাদুল্লাহ শনিবার রাতে আফগান সেনাদের সঙ্গে দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে সংঘর্ষের সময় নিহত হন। তিনি সংঘর্ষটির নেতৃত্ব দিচ্ছিলেন।
গত ডিসেম্বরে মোল্লা মোহাম্মদ আখতার ওসমানি নামে আরেক শীর্ষ তালেবান কমান্ডারকে হত্যা করে মার্কিন সেনারা।
তালেবান নেতা তার স্থলে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তা করছেন বলেও জানান তিনি। তবে ২০০১ সালে মার্কিন আগ্রাসনে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মোল্লা ওমরকে আর খুঁজে পাওয়া যায়নি। তার অবস্থান কিংবা শারীরিক অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই কারো কাছেই।
