২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে নতুন করে সহিংসতা, আরও ২ জনের মৃত্যুতে উত্তেজনা চরমে

পাকিস্তানের বরখাস্ত প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর সফরকে কেন্দ্র করে শনিবারের সহিংসতায় ৩৪ জন নিহত হওয়ার পর রোববার নতুন করে সহিংসতা বিক্ষুব্ধ হয়েছে বন্দরনগরী করাচি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2007, 01:55 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এদিন সকালে পুলিশ ও বিরোধীদলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং শনিবারে নিহতদের শেষকৃত্যানুষ্ঠান শেষে ছড়িয়ে পড়া সহিংসতায় পুলিশের গুলিতে নিহত হয়েছে আরও ২ জন। এই মৃত্যুকে কেন্দ্র করে করাচিতে নতুন করে বিক্ষোভ, জ্বালাও পোড়াও এবং ভাংচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও করাচির বিভিন্ন এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে নিহতদের শেষকৃত্যানুষ্ঠানের জায়গাগুলোতে উত্তেজনা চরমে।

রোববার সকালে থমথমে করাচিতে অধিকাংশ সড়ক প্রায় জনশূণ্য দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকে। প্রায় হাজারখানেক বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে দফায় দফায় কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের দিকে গুলি ছুঁড়ে এবং এসময় এক বিরোধী কর্মী গুলিতে নিহত হয় বলে জানায় পুলিশ।

প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে সরাতে সরকারের প্রচেষ্টা নিয়ে সৃষ্ট বিচারবিভাগীয় সঙ্কটের এক পর্যায়ে শনিবার করাচির রাজপথে ছড়িয়ে পড়ে ওই সহিংসতা। ১৯৮০’র দশকের পর পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে এ সংঘাত। পাশাপাশি বিষয়টি পরিণত হয়েছে ১৯৯৯ সালে ক্ষমতা দখলের পর প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র সালাহউদ্দিন হায়দার বলেছেন, সংঘর্ষে নিহতের সংখ্যা কমপক্ষে ৩২ জন। অপর একজন মুখপাত্র জানান, এর আগে একটি দলীয় কার্যালয়ে হামলায় মারা যায় বিরোধীদলীয় দুই কর্মী। শনিবারের সহিংসতায় আহত হন ১৩০ জনেরও বেশি মানুষ।

করাচিজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে যে, শনিবারের সহিংসতার জেরে সেখানকার গোষ্ঠিভিত্তিক গ্রুপগুলোর মধ্যে পুনরায় দীর্ঘমেয়াদি রক্তাক্ত সহিংসতা শুরু হতে পারে। যেমনটি হয়েছিল ১৯৮০ ও ১৯৯০ এর দশকে।

এদিকে, শনিবারের রক্তপাত বন্ধে ব্যর্থতার জন্য বিরোধীদের সমালোচনার সম্মুখীন পুলিশ বলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

করাচি পুলিশ প্রধান আজহার ফারুকি বলেন, “সুনির্দিষ্টভাবে আমাদের একটি নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। আমরা টহল বাড়িয়েছি এবং গতকালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে থাকবে বেশি নজরদারি।”

একজন প্রত্যক্ষদর্শী জানান, রোববার সকালে করাচির সড়কগুলো প্রায় জনশূন্যই দেখা গেছে। তবে পার্শ্ববর্তী একটি সড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখতে দেখা গেছে একদল যুবককে।

পাকিস্তানের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ শনিবার বিকেলে রাজধানী ইসলামাবাদে তার সমর্থকদের এক বিশাল সমাবেশে দেওয়া ভাষণে ওই সহিংসতার নিন্দা জানিয়েছেন।

তবে জরুরী অবস্থা জারির সম্ভাবনাকে নাকচ করে দিয়ে তিনি বলেছেন, জনগণ তার সঙ্গে আছেন। একইসঙ্গে তিনি বলেন, এ বছরের শেষ দিককার নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ইফতিখার চৌধুরী এবং তার সমর্থকরা করাচি না যাওয়ার সতর্কতা অমান্য করেছেন।

ইফতেখারের সফর ঠেকাতে সরকার সমর্থকরা হাইকোর্ট প্রাঙ্গণ ও করাচির বিমানবন্দর সড়কসহ প্রধান প্রধান সড়ক অবরোধ করে রাখে। সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এর আগে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ইফতেখারকে করাচি সফর না করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সে অনুরোধ উপক্ষো করে দুপুরে করাচি পৌঁছেন ইফতেখার। এছাড়া, করাচিতে শনিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি রাস্তায় রাস্তায় মোতায়েন করা হয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর কয়েক হাজার সদস্যকে।

মার্চ মাসের ৯ তারিখে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করে সরকার। ওই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের আইনজীবী ও বিরোধীদলগুলো আন্দোলন শুরু করে মুশাররফ ও তার সরকারের বিরুদ্ধে।

ইফতিখার চৌধুরী বলে আসছেন তিনি কোনো অন্যায় কাজ করেন নি এবং পদত্যাগও করবেন না। আর তাকে পুনর্বহাল করতে সরকারকে বাধ্য করার সর্বশেষ পদক্ষেপ হিসেবে আয়োজন করা হয়েছিল করাচির সমাবেশ।

বিরোধী কর্মীরা বলছেন, কয়েকদিন আগে লাহোরে ইফতেখারের সফরকে কেন্দ্র করে বিশাল গণসমাবেশে তার সমর্থক ও বিরোধী রাজনৈতিক কর্মীদের সমাগম দেখে ভয় পেয়েছে সরকার। তাই করাচিতে তার সফর ঠেকানোর চেষ্টা চালিয়েছে তারা।