২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নিম্নবর্ণের রাজনীতিতে আস্থা নেই দলিতদের

নিজ ধর্ম ও বর্ণের একজনকে ভোট দিয়ে জয়যুক্ত করার বিকল্প নেই-শুধুমাত্র এ খাতিরেই ভোট দিতে দিতে ক্লান্ত ভারতের দলিত সম্প্রদায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2007, 05:44 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

উত্তর প্রদেশে মাসব্যাপী সাত দফা বিধানসভা নির্বাচনের চুড়ান্ত পর্যায়ে মঙ্গলবার ভোট দিতে আসা দলিত ভোটারদের কথায় এই অভিব্যক্তিই ফুটে উঠেছে।

তারা যে কেবল রাজনীতির খাতিরে রাজনীতি নয়, বরং নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি চান, ভোটারদের কথায় তা স্পষ্ট। কিন্তু নিম্নবর্ণের রাজনীতির চলমান ধারায় আস্থা হারিয়েও কেবল নিজ বর্ণের একজনকে ক্ষমতায় পাঠানোর আত্মতুষ্টি নিয়েই অবিরাম ভোট দিয়ে চলেছেন ভাগ্যবিড়ম্বিত দলিতরা।

দুর্বল অবকাঠামো, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা, অপরাধ এবং সর্বোপরি জনবহুল উত্তর প্রদেশে বিধানসভা পরিচালনার জন্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নীতির চেয়ে প্রাধান্য পাচ্ছে নিজ বর্ণ ও ধর্মীয় সম্প্রদায় থেকে বিপুল সংখ্যক ভোট আকৃষ্ট করতে সক্ষম হওয়ার প্রবণতা। কে কত বেশি ভোট আদায় করতে পেরেছেন, নির্বাচনের ফলই তা বলে দেবে।

সরকারি চাকরিজীবী এক ভোটার অমরনাথ সিং এর কথায়, “নিজ বর্ণের লোকজনদের প্রতি সহমর্মিতা সবখানেই আছে। যদিও পল্লী অঞ্চলেই এটা বেশি দেখা যায়। কিন্তু আমরা সার্বিক উন্নতি চাই।”

হিন্দু সমাজের সবচেয়ে উঁচু জাত ব্রাহ্মণ আর সবচেয়ে নিচু জাত দলিতদের অপ্রত্যাশিত জোট শামিল হয়েছে বহুজন সমাজ পার্টির (বিএসপি) ব্যানারে। নির্বাচনে এই দলই বেশিরভাগ আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে।

বিএসপির দলিত নেত্রী মায়াবতী দলে বহু ব্রাহ্মণ প্রার্থী নিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী হতে চান। কাঙ্খিত সে লক্ষ্যের মাঝপথে আছে মুলায়ম সিং যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি।

তবে এদের উভয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত বলেই মনে করেন অনেক দলিত। কিন্তু বিকল্প না থাকায় সমাজবাদী দলকেই ভোট দিতে লাইনে দাঁড়াচ্ছেন তারা।

নয়াদিল্লির ‘সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজ’ এর রাজনীতি বিশ্লেষক যোগেন্দ্র যাদবের মতে, ভোটাররা তাদের বর্ণের একজনকে ক্ষমতায় পাঠানোর চেয়ে আর বেশি কিছু আশা করে না।

আর মায়াবতী সম্পর্কে তার বক্তব্য, “এর আগে তিন তিনবার মুখ্যমন্ত্রী হওয়া এই রাজনীতিবিদ রূঢ় শাসক হিসেবেই পরিচিত। দলিতদের সুখ-সুবিধার দিকে তিনি খুব বেশি মনোযোগী নন। এরপরও তাকে ক্ষমতায় পাঠানোর ক্ষেত্রে দলিতদের যুক্তি একটাই, আর তা হলো-তাদের কেউ একজন ক্ষমতায় আছেন।”

এবারের নির্বাচনে গণমাধ্যমে জনমত জরিপের ফল থেকে ধারণা করা হচ্ছে, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আর বিএসপিও স্থানীয় পরিষদে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোটের নেতৃত্বে থাকতে পারবে না।

ভোটারদের মতে, নিজ বর্ণের রাজনৈতিক দলকে ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেই তাদের ভোট দিতে আসা। কিন্তু আসলে তারা চান নিজেদের ভাগ্যোন্নয়ন-পর্যাপ্ত কর্মসংস্থান, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট মেরামত এবং অপরাধ দমনের মতো আরও অনেক কিছু।