২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোপনে আলোচনা করছেন ওলমার্ট ও আব্বাস’

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গোপন দূতের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে খবর দিয়েছে ইসরায়েলি দৈনিক হারেজ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2007, 12:59 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি মন্ত্রিসভার একাধিক সদস্য ও রাজনীতিবিদদের উদ্ধৃত করে পত্রিকাটি মঙ্গলবার এ খবর জানায়। তবে এ খবর অস্বীকার করেছেন উভয় নেতার ঘনিষ্ঠজনরা।

ইসরায়েলি সূত্রগুলো হারেজকে জানান, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলাপকালে আপাতদৃষ্টিতে গোপন দূতের মাধ্যমে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনায় আগামী কয়েক মাসে ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি’ অর্জনের ইঙ্গিত দিয়েছেন।

তবে ওলমার্টের মুখপাত্র মিরি ইসিন এ খবরের সত্যতা অস্বীকার করে বলেন, “আমি গোপন আলোচনার কোনো খবর জানি না।”

এদিকে মাহমুদের এক ঘনিষ্ঠ সহযোগী হাসান আজফারও এ খবর অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি নিশ্চিত করছি যে দুজনের মধ্যে কোনো ধরনের গোপন আলোচনা চলছে না, কোনো গোপন দূতও নেই।”

হারেজ জানায়, গোপন আলোচনায় কারা অংশ নিয়েছিলেন এবং কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে এসব আলোচনার মূল লক্ষ্য পারস্পরিক আস্থা বাড়ানোর লক্ষ্য ছাড়িয়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে গিয়ে ঠেকেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের আহ্বানে সাড়া দিয়ে ওলমার্ট ও আব্বাস প্রকাশ্যে একাধিকবার বৈঠক করেছেন। বৈঠকের পর দেওয়া বিবৃতিতে উভয়ই বলেছেন, পারস্পরিক আস্থা বাড়াতে এসব বৈঠকের আয়োজন করা হয়েছিল।

এদিকে মার্কিন কর্মকর্তারা গত মাসে বলেন, উভয় পক্ষ শিগগিরই নিজেদের মধ্যে পুনরায় শান্তি আলোচনা কিংবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা শুরুর চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।