১০ লাখ আফগানকে দেশে ফেরত পাঠাবে ইরান
ইরান মঙ্গলবার সেদেশে অবৈধভাবে বসবাসরত ১০ লাখ আফগানকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনায় অটল মনোভাব ব্যক্ত করেছে।
১১ দিন আগেই এ অভিযান শুরু করেছে তেহরান। এর আওতায় ইতোমধ্যে তারা দেশে পাঠিয়েছে ৫০ হাজার আফগানকে।
আফগানিস্তানে শরণার্থীদের পুনর্বাসন করার মতো পর্যান্ত সম্পদ না থাকায় সরকার রোববার প্রতিবেশী ইরানকে আফগানদের ফেরৎ পাঠানো বন্ধ করার আহ্বান জানায়।
তিন দশকব্যাপী যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ আফগান ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। পালিয়ে যাওয়া সেসব আফগানের অধিকাংশই আশ্রয় নিয়েছে পাকিস্তান ও ইরানে। তারা সেখানে নির্মাণ খাত বা বাসাবাড়ির কাজ করছে।
কিন্তু ইরান বলছে, তাদের প্রায় অর্ধেক বা ১০ লাখ অবৈধভাবে সেদেশে প্রবেশ করেছে এবং তাদেরকে ফেরত পাঠানো হবে।
ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, আফগানিস্তানের উদ্বেগের জবাবে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। সে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, বৈধ কাগজপত্রধারী শরণার্থীদের থাকতে দেওয়া হবে।
বিবৃতিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বিভিন্ন রাজনৈতিক, সামজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে প্রত্যেক দেশেরই তার সীমান্তে অবৈধ নাগরিকদের উপস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকন্ঠা রয়েছে।”
এর আগে এ সপ্তার প্রথম দিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরমোহাম্মাদির বরাত দিয়ে বার্তাসংস্থা ইরনা জানায়, এ বছরের প্রথমার্ধে ইরান ছাড়বে পাঁচ লাখ আফগান এবং বাকীদের বছরের দ্বিতীয়ার্ধে ফেরত পাঠানো হবে। প্রসঙ্গত, ইরানি বছরের শুরু মার্চের ২১ তারিখ থেকে।
